আজ লন্ডনের মঞ্চে 'দক্ষিণা সুন্দরী'
ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের লার্নিং অ্যান্ড আউটসোর্সিং ম্যানেজার গিলান গোর্লি ফোনের অপর প্রান্তে। জানতে চাইলাম, দক্ষিণা সুন্দরীর কথা। গোর্লি উচ্ছ্বাসের সঙ্গে বললেন, ‘আমরা খুবই আপ্লুত বাংলাদেশের নাটক দক্ষিণা সুন্দরী মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আসরের অন্যতম আকর্ষণ “টিন ফরেস্ট নাট্য উৎসব”। সুন্দরবনের জীববৈচিত্র্য আর মানবসৃষ্ট সংকটকে উপজীব্য করে দক্ষিণা সুন্দরী দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’
আজ কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আসরে এই প্রথমবারের মতো বাংলাদেশের নাটক মঞ্চস্থ হচ্ছে। থিয়েট্রেক্স বাংলাদেশের দক্ষিণা সুন্দরী নাটকটি লিখেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। উৎসবে কমনওয়েলথভুক্ত দেশ ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মাল্টা ও জ্যামাইকার নাটক মঞ্চস্থ হবে।
দক্ষিণা সুন্দরীর কমনওয়েলথ নাট্য উৎসবে মনোনীত হওয়া প্রসঙ্গে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের জনসংযোগ কর্মকর্তা কেটি ম্যাকেঞ্জি জানান, গত অক্টোবরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ নাট্যশিল্পীদের কাছে নাট্যভাবনা চাওয়া হয়, তবে মূল উপজীব্য হতে হবে সংশ্লিষ্ট দেশের ঐতিহ্য ও পরিবেশ। স্থানীয় ব্রিটিশ কাউন্সিল সহযোগী হয় নাট্য আয়োজনে। বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে ঘিরে নাট্যভাবনা তুলে ধরে থিয়েট্রেক্স বাংলাদেশ। বিষয় বৈচিত্র্য এবং পরিবেশনা রীতির জন্য উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে মনোনয়ন করা হয় বাংলাদেশের নাটক।
সুদীপ চক্রবর্তী বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশি দর্শকদের প্রতিক্রিয়া আমাদের ব্যাপক উৎসাহ জুগিয়েছে। কমনওয়েলথের সাংস্কৃতিক আসরে আমরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। বাংলাদেশের নাটকের জন্য আশাজাগানীয়া অর্জন।’