আজ শিল্পকলায় ঋত্বিক ঘটকের 'জ্বালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জ্বালা’ নাটকের একটি মুহূর্ত।
‘জ্বালা’ নাটকের একটি মুহূর্ত।

ক্ষুধা, দারিদ্র্য, অভাব-অনটন মানুষের জীবনকে করে তোলে বিষাদময়। দারিদ্র্যের কশাঘাতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মানুষ হয়ে পড়ে যুক্তিহীন। ফলে যেকোনো সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে যেকোনো মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো, মানুষের জীবনে এই সংকটের সৃষ্টি হয় কেন? তারই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, মানবগোষ্ঠী দুটি শ্রেণিতে বিভক্ত। এক হলো শোষক, আর এক শোষিত। এই শোষিত মানুষই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে নানা প্রতিকূলতার বিরুদ্ধে। এমন পটভূমিতে কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক রচনা করেছিলেন নাটক ‘জ্বালা’। 

নাটকটি রচিত হয় ১৯৫০ সালে। অর্ধশতাব্দী পার হওয়ার পর নাটকটি মঞ্চে আনছে দৃষ্টিপাত নাট্যদল। ‘জ্বালা’ নাটকের মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। এটি দলের ২৪তম প্রযোজনা।
আজ সোমবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে দৃষ্টিপাত নাট্যদলের নতুন প্রযোজনা ঋত্বিক ঘটকের ‘জ্বালা’র মঞ্চায়ন হবে। এটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী। সম্প্রতি নাটকটি উদ্বোধন হয়েছে। সন্ধ্যা সাতটায় শুরু হবে প্রদর্শনী।
এই নাটকে অভিনয় করেছেন সুমী ইসলাম, মারুফ ইসলাম, আব্দুল হালিম আজিজ, রাকিব হোসেন, অভিজিৎ সেনগুপ্ত ও সুনীল কুমার দে।