আজ শেষ হচ্ছে 'নাট্য চতুষ্টয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটক হোক জীবন সত্য প্রকাশের ভাষা’—এই স্লোগান সামনে রেখে চট্টগ্রামে চলছে কথক নাট্য সম্প্রদায়ের ‘নাট্য চতুষ্টয়’ নামে চার দিনব্যাপী নাট্যোৎসব। আজ সোমবার উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। এর নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
কথক নাট্য সম্প্রদায়ের ৩৪ বছর পূর্তি উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন।
উদ্বোধক মামুনুর রশীদ বলেন, ‘আমরা যারা থিয়েটার করছি, তারা কঠিনেরে ভালোবেসেছি। জীবনের সত্যগুলোকে মঞ্চের ভাষায় অনুবাদ করতে গিয়ে কঠিনকে অবশ্যই জয় করতে হবে।’
সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন বলেন, ‘থিয়েটার একটি পরিশুদ্ধ এবং সমাজের প্রতি দায়বদ্ধ শিল্পমাধ্যম। আর নাট্যকর্মীরা হলেন সমাজের সচেতন ও পরিচ্ছন্ন মানুষ। সমাজকে আলোকিত করতে থিয়েটার অন্যতম প্রধান হাতিয়ার।’
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও বিক্রম চৌধুরী নির্দেশিত নাটক চার অধ্যায়। এর আগে আবৃত্তি পরিবেশন করেন শিল্পী রাশেদ হাসান। সংগীত পরিবেশন করে অভ্যুদয় সংগীত অঙ্গন। দ্বিতীয় দিন শনিবার মঞ্চস্থ হয় মলিয়রের অতি সাধারণ চিকিৎসক। এর নির্দেশনা দেন বিক্রম চৌধুরী। তৃতীয় দিন রোববার বিক্রম চৌধুরীর নির্দেশনায় মঞ্চস্থ হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড়। এ ছাড়া উৎসব উপলক্ষে প্রতিদিন থিয়েটার ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে পরিবেশিত হয় গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।