আজ সন্ধ্যায় শিল্পকলায় 'দি জুবলী হোটেল' ও 'ঊর্ণাজাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় আছে আরণ্যকের নতুন নাটক ‘দি জুবলী হোটেল ’র মঞ্চায়ন- ফাইল ছবি
জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় আছে আরণ্যকের নতুন নাটক ‘দি জুবলী হোটেল ’র মঞ্চায়ন- ফাইল ছবি

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল, খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি।

এভাবেই এগিয়েছে বাতিঘরের নতুন নাটক ‘ঊর্ণাজাল’ নাটকের কাহিনি। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সোমবার সন্ধ্যায় ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসবের ৬ষ্ঠ দিনে বাতিঘর মঞ্চস্থ করবে নাটকটি। আজ সন্ধ্যায় ৭টায় শুরু হবে এ নাটকের প্রদর্শনী। একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘দি জুবলী হোটেল’।

‘ঊর্ণাজাল’ নাটকটির প্রদর্শনী শুরু হবে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। ফাইল ছবি
‘ঊর্ণাজাল’ নাটকটির প্রদর্শনী শুরু হবে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। ফাইল ছবি

‘ঊর্ণাজাল’ নির্দেশক বাকার বকুলের লেখা নাটক। নাট্যকার জানান, মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা এই নাটকে ঘুরে ফিরে এসেছে।
অন্যদিকে আরণ্যকের নতুন নাটক ‘দি জুবলী হোটেল’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। মফস্বলের একটি চায়ের দোকানকে কেন্দ্র করে ‘দি জুবলী হোটেল’ নাটকটির পটভূমি, গল্প আবর্তিত হয়েছে চলমান সব সামাজিক সংকট নিয়ে। জুবলী হোটেলে শহরের সর্বস্তরের মানুষের নিয়মিত আড্ডা বসে। নাটকের একটি চরিত্র মনলোভা আত্মহত্যা করলে জমে ওঠে নাটকের রহস্য।
৫ এপ্রিল থেকে চলমান উৎসবটি কাল ১১ এপ্রিল পর্যন্ত চলবে।