আজ 'গহনযাত্রা'

কোনো এক স্থানে উগ্রপন্থীদের হাতে যখন নির্যাতিত, রক্তাক্ত ও নিহত হচ্ছে মানুষ, সেই সময় তাদের হাত থেকে পালিয়ে বাঁচে এক নারী—সালমা। একসময় নিজের ভেতরে সে অনুভব করে অন্য কোনো সত্তার অস্তিত্ব। সেই সত্তাটি কি তারই আরেকটি রূপ, তার নিজের ভেতরে বেড়ে ওঠা কোনো অবয়ব?—এমন কাহিনি নিয়ে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) আজ মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনা গহনযাত্রা। সুদীপ চক্রবর্তী নির্দেশিত এই নাটকের রচয়িতা রুবাইয়াত্ আহমেদ এবং এখানে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা। আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে হবে গহনযাত্রার উদ্বোধনী মঞ্চায়ন।