আজ 'ভদ্দরনোক'-এর ৩০০তম প্রদর্শনী


নাট্যচক্রের নাটক ‘ভদ্দরনোক’ হাস্যরসে ভরা জনপ্রিয় একটি নাটক। মলিয়েরের ‘দ্য বুর্জোয়া জেন্টেলম্যান’ অবলম্বনে তৈরি হয়েছে ভদ্দরনোক। নাটকটিতে দেখানো হয়েছে, সমাজে হঠাৎ করে গজিয়ে ওঠা বিত্তবানেরা আকস্মিক অর্থপ্রাপ্তিতে বেসামাল হয়ে নিজেদের কুলীন প্রমাণের জন্য নগরজীবনের ফাঁপা সংস্কৃতির গড্ডলিকাপ্রবাহে কীভাবে গা ভাসিয়ে দেয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জনপ্রিয় এ নাটকটির ৩০০তম প্রদর্শনী হবে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ সেন্টারের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ম হামিদ, মাহমুদ সাজ্জাদ, রবিউল মাহমুদ, তনিমা হামিদ, মানজুরুল আলম, ফাল্গুনি হামিদ প্রমুখ। এটি নাট্যচক্রের ২৭তম প্রযোজনা।