আতাউর রহমানের ৭৫ তম জয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আতাউর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে গান শোনাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আতাউর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে গান শোনাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

কবিতা পাঠ, কর্মময় জীবনের মূল্যায়ন ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ৭৫তম জন্মজয়ন্তী।
শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করে আতাউর রহমানের ৭৫তম জন্মদিন উদ্‌যাপন পর্ষদ।
অনুষ্ঠানে পাঁচ যুগেরও বেশি সময় ধরে নাট্যচর্চা, নাট্য নির্দেশনার যুক্ত ‘মঞ্চসারথি’ আতাউর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন বিশ্ব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ।
তিনি বলেন, ‘৫৫ বছরেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় তিনি যুক্ত। আনন্দ-বেদনা, উচ্ছ্বাসে তাঁর সান্নিধ্য পেয়ে আমরা ঋদ্ধ হয়েছি। তার সঙ্গে আমাদের আনন্দ-বিনোদনের কত স্মৃতি!’
মঞ্চ অভিনেতা, নির্দেশক, কর্মীদের ‘আতা ভাই’ আতাউর রহমান অনুষ্ঠানের শুরুতেই মেতে উঠলেন হাস্যকৌতুকে। ফেলে আসা ছেলেবেলার স্মৃতি রোমান্থন করতে গিয়ে ‘নানার গল্প’ উপস্থাপনা করলেন। পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রামের ভাষায় শোনালেন শিক্ষাজীবনের নানা মধুর স্মৃতি। পর্ষদের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ জন্মদিনের এই আয়োজনের সঞ্চালনা করেন।
অভিনেতা পরিচয়ের পাশাপাশি কবি হিসেবেও আত্মপ্রকাশ করেছেন আতাউর রহমান। গেল দুই বছর ধরে নিয়মিতভাবে কবিতা লিখছেন তিনি। তার লেখা ‘স্বপ্নের পাহাড়’, ‘রাতদিন’, ‘ভালো আছি’ শিরোনামের তিনটি কবিতা আবৃত্তি করলেন অভিনেত্রী ফারহানা মিঠু।
তাকে নিবেদিত তাঁর সন্তান শাশ্বত চৌধুরীর লেখা ইংরেজি কবিতা আবৃত্তি করেন নাট্যকর্মী পূজা সেনগুপ্ত।
এরপর মঞ্চে আসেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি শোনালেন অতুল প্রসাদ সেনকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের গান ‘এই লভিনু সঙ্গ তব’। এরপর পরিবেশন করেন ‘জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’।
ইংল্যান্ডে চিকিৎসাধীন ‘সব্যসাচী’ লেখক সৈয়দ শামসুল হক জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন আতাউর রহমানকে। আতাউর রহমান নিজেই এটি পাঠ করে শোনান উপস্থিত দর্শকদের।
এপর শুভেচ্ছা জানাতে আসেন নাট্যব্যক্তিত্ব কেরামত মওলা। তিনি বলেন, ‘আতা ভাই এমন সব নাটক নির্দেশনা দিয়েছেন, আমি আর নতুন করে নাট্যনির্দেশনা দেওয়ার সাহস পাইনি। অভিনয়ে ফিরে যাওয়াই শ্রেয় মনে হয়েছে।’
রসিকতার ছলে বিশ্ব আইটিআই সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘আতা ভাইয়ের আত্মজীবনী লেখা উচিত। অনুরোধ থাকবে, রাশভারী কোনো কথা থাকবে না। তিনি বাস্তবে যেমন হাস্যরসিক, ঠিক তেমনই ভাষা হতে হবে। একইভাবে তার বলা জোকস নিয়ে একটি জোকস সংকলন করারও অনুরোধ করছি।’
স্মৃতিচারণ, অভিনন্দন পর্বে অভিনেত্রী শিরিন বকুলের শংসাবচন পাঠের পর মঞ্চে আসেন আতাউর রহমানের দীর্ঘদিনের সহকর্মী সারা যাকের।
তিনি বলেন, ‘৭৫ এমন কোনো বয়সই না। আতা ভাই এ বয়সে এসে কত প্রাণবন্ত! জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করছেন। তার কর্মোদ্দীপনা, উৎসাহ দেখে মনে পড়ে রবি ঠাকুরের গান “বহে নিরন্তর অনন্ত আনন্দধারা”। তিনি আরও অনেক দিন বেঁচে থাকুন। ”
আতাউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, প্রাচ্যনাট, ‍দৃষ্টিপাত নাট্যসংসদ, নাট্যধারা, চন্দ্রকলা থিয়েটার, আরণ্যক, স্বপ্নদল, নাট্যপুরাণ, পালাকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জন্মজয়ন্তীর প্রাথমিক পর্ব শেষে নাগরিক নাট্যাঙ্গনের ‘অপেক্ষমান’ ও থিয়েটার স্কুল প্রাক্তনীর ‘ওয়েডিং ফর গডো’ নাটকের নাট্যাংশ উপস্থাপন করে।