আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব, ঢাকা’। ১৯ নভেম্বর হবে এই উৎসবের উদ্বোধন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২৬ নভেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের ১৬টি নাট্যদল অংশ নেবে।
গতকাল সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, উৎসব কমিটির আহ্বায়ক শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, উৎসব কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ, মোহাম্মদ বারী, চন্দন রেজা, মীর জাহিদ হাসান, শাহ আলমসহ অনেকে।
সংবাদ সম্মেলনে কামাল বায়েজিদ লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এতে জানানো হয়, আট দিনের এই নাট্যোৎসবে বাংলাদেশের চাকমা, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মারমা, ওঁরাও এবং ভারতের অসমিয়া, খাসি, বড়ো, মণিপুরি, ত্রিপুরা, মিজো, ঝাড়খন্ড ও ছৌ মৃত্তিকালগ্ন গোষ্ঠীর নাট্যদলগুলো তাদের প্রশংসিত নাটক মঞ্চস্থ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। একই সঙ্গে আয়োজনটি সম্প্রসারিত হবে চট্টগ্রাম, সিলেট ও যশোরে।