আবদুল্লাহ আল মামুনের 'চারদিকে যুদ্ধ'র মঞ্চায়ন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন

আগামীকাল রোববার নাট্যজন আবদুল্লাহ আল মামুনের প্রয়াণ দিবস। এ উপলক্ষে নাট্যম রেপার্টরী মঞ্চে আনছে তাঁর লেখা নাটক ‘চারদিকে যুদ্ধ’।
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় নাটক প্রদর্শনীর আগে হবে আবদুল্লাহ আল মামুন স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুনকে নিয়ে স্মৃতিচারণ করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও গোলাম সারোয়ার। স্মরণানুষ্ঠান শেষে প্রদর্শিত হবে তাঁর লেখা নাটক ‘চারদিকে যুদ্ধ’।
শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয়ে করেছেন মুহাম্মদ কায়সার আলী, রিফাত, উত্তম চক্রবর্ত্তী, অমিতাভ রাজীব, কুদরত কমল, কামরুজ্জামান মিঠু, সোহানুর রহমান সোহাগ, নিবির রহমান, তারকনাথ দাস, মোস্তফা কামাল মুরাদ, শাহাদৎ হোসেন, লিটা খান ও তাহমিদা খাতুন।
শুভাশীষ বলেন, ‘আক্ষরিক অর্থে এটি কোনো অস্ত্রের যুদ্ধ নয়। আদর্শ নিয়ে টিকে থাকার যুদ্ধ। স্বাধীনতার পরে গড়ে ওঠা মহাজনীদের সঙ্গে একজন আদর্শবান যুবকের টিকে থাকার যুদ্ধ। যেহেতু আবদুল্লাহ আল মামুনের লেখা তাই তাঁর প্রয়াণ দিবসেই উদ্বোধনী প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি।’

নাটকটির মঞ্চ ও আলো করেছেন যথাক্রমে জুনায়েদ ইউসুফ ও মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।