আবার জমে উঠছে শিল্পকলা

ঈদের ছুটিতে নীরবতা নেমে এসেছিল রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে।
শিল্পকলা একাডেমীর প্রতিটি বিকেল থাকে সংস্কৃতিসেবীদের দখলে, পরিণত হয় তাঁদের মিলনমেলায়। কিন্তু দীর্ঘ ছুটির কারণে গেল সপ্তাহের শেষ দিকে সেখানে ধীরে ধীরে কমে যায় সমাগম। সর্বশেষ ২০ সেপ্টেম্বর তিন মিলনায়তনে ৩টি নাটকের প্রদর্শনী হয়। এরপর বেশ কয়েকদিন মূল ফটক খোলা হয়নি। সেই অচলায়তন ভেঙ্গে গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে আবার জমে উঠতে থাকে শিল্পকলা একাডেমী। টানা ৬দিন বিরতির পর গতকাল মঞ্চস্থ হলো নাটক রাজার নতুন জামা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল সোমবার গৌড়নাট নাট্যদলের এ নাটকটি মঞ্চায়ন হয়। এটি দলের প্রথম প্রযোজনা। গতকাল ছিল নাটকটির তৃতীয় মঞ্চায়ন। ডেনমার্কের বিখ্যাত সাহিত্যিক হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের একটি রচনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুবাদ করেছেন আসাদ চৌধুরী। নির্দেশনা দিয়েছেন মেহেদী সুমন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সাভারের জাগরনী থিয়েটারের একটি নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। জাতীয় নাট্যশালায় রাধারমণ ঘোষের রচনায় ও বৈদ্যনাথ অধিকারীর পরিচালনায় এই নাটকটির নাম ‘চিত্ত বিনিময়’।