আবার 'হাছনজানের রাজা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য
‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য

‘হাছনজানের রাজা’ নাটকটি দর্শক আবার দেখতে পাবেন। অনেক কিংবদন্তি গানের স্রষ্টা হাসন রাজার জীবন নিয়ে ঢাকার নাটকের দল প্রাঙ্গণেমোর মঞ্চে এনেছে ‘হাছনজানের রাজা’। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। গত ২০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।

‘হাছনজানের রাজা’ নাটক নিয়ে নির্দেশক অনন্ত হিরা জানান, একালের মানস সরোবরের ভাবনায়, কল্পনায়, মোহে ১০০ বছর আগের হাসন রাজাকে দেখাতে চেয়েছেন তাঁরা। গানে আর সংলাপে এগিয়ে যাবে গল্প। দর্শকেরা দেখবেন যৌবনে জমিদার হাসনের বেপরোয়া জীবন এবং মায়ের মৃত্যুর পর জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি, মরমি সাধক হয়ে ওঠার গল্প। তিনি বলেন, ‘একালে আমাদের অনেকের ভেতরে একজন ত্যাগী ও ভোগী, সংগীতপ্রিয় ও মাতৃভক্ত, আত্মানুসন্ধানী ও উদাসী বাউলা হাসন রাজা দুর্দান্ত প্রতাপ নিয়ে বসত করে।’

‘হাছনজানের রাজা’ নাটকে হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু
‘হাছনজানের রাজা’ নাটকে হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু

জানা গেছে, এই নাটকে গতানুগতিক ধারায় হাসন রাজার জীবনী তুলে ধরা হচ্ছে না; বরং হাসন রাজা এসেছেন এই প্রজন্মের তারুণ্যের আড্ডায়, ফেসবুকে। তরুণেরা নৌকায় ভ্রমণে বের হন ভরা পূর্ণিমা রাতে। একসময় তাঁদের সঙ্গে দেখা হয় হাসন রাজার। তরুণদের সেই আড্ডায় সঙ্গিনীদের নিয়ে মিশে যান হাসন রাজা। কখনো তাঁর সঙ্গে সেলফি তোলেন, তাঁকে নিয়ে ফেসবুকে লিখছেনও তরুণেরা! কখনো বাস্তবে, কখনো কল্পনায়।

গান-সংলাপ-আলো-ছায়ায় বাংলাদেশে ভাটি অঞ্চল হয়ে উঠবে মঞ্চ। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, লক্ষ্মণছিড়ি আর রামপাশা মিলিয়ে যে বিশাল ভাটি বা হাওর অঞ্চল, সেখানকার পাঁচ লাখ বিঘায় জমিদারি ছিল যাঁর, মঞ্চে দেখা যাবে সেই দেওয়ান হাসন রাজা চৌধুরী জমিদারের বর্ণিল ও বৈচিত্র্যময় জীবন। সেই জীবনের এক প্রান্তে হাসন রাজা অত্যাচারী প্রেমিক, স্বেচ্ছাচারী, বেখেয়ালি। অন্য প্রান্তে হাসন ত্যাগী, মানবদরদি। বিশাল জমিদারি ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে জনহিতকর কাজের জন্য ওয়াক্ফ করে পিয়ারির সন্ধানে ভাওয়ালি নৌকায় উঠে বসা। যাঁর যাত্রার অন্তিম উপলব্ধি পিয়ারির মাঝে নিজেকে এবং সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার মধ্য দিয়ে। নাটকের শেষে দেখা যাবে, আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যেতে থাকেন হাসন রাজা। বাস্তবে ফিরে আসেন তরুণেরা।

‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য
‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য

‘হাছনজানের রাজা’ প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সংগীত পরামর্শক শিল্পী সেলিম চৌধুরী, পরিকল্পনা রামিজ রাজু। আলোক পরামর্শক ঠান্ডু রায়হান। আলোক পরিকল্পনা তৌফিক আজীম এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। নাটকে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা প্রমুখ।

‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য
‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য

এদিকে ঈদের পর প্রাঙ্গণেমোর আবার নাট্যাঙ্গনে কর্মব্যস্ত হয়ে উঠেছে। নাটকের দলটি এ সপ্তাহে চলতি প্রযোজনাগুলো থেকে ভিন্ন স্বাদের তিনটি নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যায় হবে ‘হাছনজানের রাজা’। এ ছাড়া আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’ এবং শনিবার একই সময়ে মঞ্চায়িত হবে ‘আওরঙ্গজেব’।