আমি এক হাস্যকর মানুষ...
ঢাকার নাট্যমঞ্চে পরিবেশিত হলো ফ্রান্সের নাটক দ্য ড্র্রিম অব আ রিডিকুলাস ম্যান। ফরাসি নাটকটির বাংলায় শিরোনাম ছিল একটি হাস্যকর মানুষের গল্প। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি।
১৮৭৭ সালে রাশিয়ার দস্তয়েভস্কির ছোটগল্প অবলম্বনে নির্মিত ফরাসি নাটকটিতে একক অভিনয় করেছেন জো পল সেরমাদিরাস। বিখ্যাত এই অভিনেতার অনবদ্য অভিনয়ে সজ্জিত প্রযোজনাটি রাজধানীর নাট্যমঞ্চে নিয়ে এল ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা।
৫৫ মিনিট ব্যাপ্তির নাটকটি ঘিরে ছিল দর্শকের আগ্রহ। তবে শুধু আগে নিবন্ধন করা দর্শকেরা দেখেছেন নাটকটি। আর তাঁদের মধ্যে সাধারণ দর্শকের পাশাপাশি বড় একটি অংশ ছিল মঞ্চনাটকের সঙ্গে সম্পৃক্ত। অনন্য অভিনয়শৈলীতে দর্শকদের মুগ্ধ করেছেন জো পল সেরমাদিরাস। সংলাপের সঙ্গে শরীরী অভিব্যক্তির সম্মিলিত অভিনয় বারবার দর্শকের অভিনন্দন আদায় করেছে। দর্শকের সুবিধার্থে সেরমাদিরাসের ফরাসি ভাষায় উচ্চারিত সংলাপের ইংরেজি সাবটাইটেল উপস্থাপিত হয় পর্দায়।
যন্ত্রণাদগ্ধ এক মানুষের গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনি। আর সেই যন্ত্রণার বহিঃপ্রকাশে নিজেকে নিয়েই চলতে থাকে উপহাস। সেই সূত্র ধরে জো পল সেরমাদিরাসের কণ্ঠে উচ্চারিত হয়, ‘আমি এক হাস্যকর মানুষ। তারা এখন আমাকে পাগল বলে ডাকে। এটা হবে এক ধাপ ওপরে, যদি আমি এখনো তাদের কাছে আগের মতো হাস্যকর না থাকতাম। কিন্তু এখন আমি আর রাগান্বিত নই। এখন তারা সবাই আমার প্রিয় এবং এমনকি তারা আমাকে দেখে হাসলেও আমি তাদের সবাইকে ভালোবাসি।’
জো পল সেরমাদিরাস প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ‘ব্লস সালো’ নামের আন্তর্জাতিক কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। এই অভিনেতায় বেশ কয়েকবার বিখ্যাত ‘ফেস্টিভ্যাল দো আভিনিউ’-এ পারফর্ম করেছেন। মঞ্চে তিনি শেক্সপিয়ার, মলিয়ের ও চেখভের ৪০টির বেশি নাটকে পুরো ফ্রান্সের পাশাপাশি মরক্কো, ভারতসহ অন্যান্য স্থানে পারফর্ম করেছেন।