ইংরেজিতে তাসের দেশ গানগুলো বাংলায়

নিউইয়র্ক থেকে ঢাকায় এসেছে একটি নাচের দল। শিল্পকলা একাডেমির নৃত্য মহড়াকক্ষে চলছে তাদের প্রস্তুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নৃত্যনাট্যটি ইংরেজিতে তিনবার মঞ্চস্থ করে মার্কিন মুলুকে বেশ প্রশংসা কুড়িয়েছে দলটি। চতুর্থবারের মতো করতে যাচ্ছে ঢাকায়। তবে বাংলাদেশে এটি তাদের প্রথম মঞ্চায়ন।
তাসের দেশ ইংরেজিতে হলেও এতে ব্যবহৃত রবীন্দ্রসংগীতগুলো শোনা যাবে বাংলায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বিপার যৌথ উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
গত বুধবার দুপুরে প্রস্তুতির সময়ে কথা হলো দলের প্রধান এ্যানি ফেরদৌসের সঙ্গে। ২৯ বছর আগে দেশ ছেড়ে তিনি যান যুক্তরাষ্ট্রে। ২৫ বছর আগে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। তিনি জানান, প্রতিষ্ঠানটির রজতজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানের শুরুটা হবে বাংলাদেশ থেকে, তাসের দেশ মঞ্চায়নের মধ্য দিয়ে। শিল্পকলার ১৪ এবং বিপার ২১ জন শিল্পী-কলাকুশলী মিলে নৃত্যনাট্যটি পরিবেশন করবেন তাঁর নির্দেশনায়।
মহড়াকক্ষের কাঠের মেঝেতে বসে মুখোশ মেরামত করতে দেখা যায় জিল রাইনা নামের এক মার্কিন নারীকে। কোরিওগ্রাফার এ্যানি জানান, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন এই নারী, কাজ করছেন তাঁদের দলে। তিনি বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাঙালিদের সংযুক্ত রাখতে কাজ করছি আমরা। বাংলা ভাষা শেখানোর পাশাপাশি শেখাচ্ছি নাচ। এতে নিজের শিকড়টা ভুলবে না ওরা। নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসার বীজটা বুনে দিচ্ছি। এরপর তারা নিজেরা পড়াশোনা করে জেনে নিক।’