ঈদের পর খুলেছে শিল্পকলা একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির লোগো
শিল্পকলা একাডেমির লোগো

হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ ও শোলাকিয়ার ঈদগাহে জঙ্গি হামলার ঘটনায় কড়া নিরাপত্তা চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সবাইকে তল্লাশি করে এবং পরিচয় জেনে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে।
ঈদের ছুটির পর গতকাল শিল্পকলা একডেমি খুলেছে। শিল্পকলার নৃত্যকলা ভবনের দিকের ফটকে কড়া নিরাপত্তা দেখা গেছে। শিল্পকলা অঙ্গনে সবার প্রবেশ অনুমতি থাকলেও গতকাল ছিল কড়া নিরাপত্তা। তল্লাশির পাশাপাশি পরিচয় দিয়ে প্রবেশ করানো হয়েছে। শিল্পকলায়ও তেমন লোকজন দেখা যায়নি। তবে দু একটি মহড়া কক্ষে মহড়া করতে দেখা গেছে।

এ বিষয়ে শিল্পকলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে একটু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে শিল্প-সংস্কৃতির অঞ্চলগুলোয় সতর্কতা জরুরি।
এদিকে ১৫ জুলাই মহাকাল নাট্যসম্প্রদায়ের ৩৩ বছর পূর্তি নাট্যোৎ​সব শুরুর কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁরা উৎ​সবটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মহাকাল নাট্য সম্প্রদায়ের দলপ্রধান মীর জাহিদ হাসান প্রথম আলোকে জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে উৎ​সব না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাঁরা উৎ​সবটি স্থগিত করেছেন।