উগ্রবাদের বিরুদ্ধে মানবিক ঐক্যের নাটক 'বাঁধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহড়া ও মহড়া শেষে দলীয় ছবি দিয়ে খবরটা জানালেন গুণী নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পী মোহাম্মদ বারী। প্রায় দুই বছরের বিরতির পর আবারও মঞ্চে আসছে শওকত ওসমানের গল্প অবলম্বনে নাটক ‘বাঁধ’। আজ রোববার সন্ধ্যা সাতটায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। বিভিন্ন নাট্যদলের শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন।

‘বাঁধ’ নাটক প্রসঙ্গে মোহাম্মদ বারী বললেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী সাহিত্যনির্ভর নাট্য রচনা ও নির্মাণের আয়োজন করে। এ কর্মসূচির আওতায় ২০১৪ সালের ১১ জুলাই নাটকটি মঞ্চে আসে। কিন্তু দুটি প্রদর্শনীর পর নাটকটির আর প্রদর্শনী হয়নি। এবার নাটকটি পুনর্মঞ্চায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে নাটকটির প্রদর্শনী হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইফ সুমন, এ কে আজাদ, শাকিল সিদ্ধার্থ, তৌফিকুল ইসলাম, এহসানুর রহমান, বাকার বকুল, মোহাম্মদ বারী, হাসনাত রিপন, এজাজ বারী, শফিকুল ইসলাম, কাজী রাকিব, ম. সাঈদ, মেরিনা মিতু, রফিকুল ইসলাম, কান্তা জামান, এইচ এম মোতালেব, মিন্টু সরদার, শাহরিয়ার সোহাগ, মাহফুজ সুমন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে নদীবর্তী প্রান্তিক এক জনপদ নিয়ামতনগর। এই গ্রামের দুই জনগোষ্ঠী উত্তরপাড়া ও দক্ষিণপাড়া পরস্পরের আজন্ম শত্রু। এক মধ্যরাতে প্রলয়ংকরী আকস্মিক বন্যায় ভেসে যাওয়া নিয়ামতনগরের গৃহস্থ নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ আশ্রয় নেয় জেলা বোর্ডের ভঙ্গুর বাঁধে। এ বাঁধেও বিভক্তিরেখা টেনে উত্তরপাড়ার মানুষ আশ্রয় নেয় বাঁধের উত্তর অংশে, আর দক্ষিণপাড়ার মানুষ দক্ষিণ অংশে। বাঁধের ক্রমাগত ভাঙনের ফলে একসময় সবাই এক জায়গায় আশ্রয় নেয়। কিন্তু সংকটকালেও প্রতিশোধ-প্রতিহিংসায় হিংস্র হয়ে ওঠে উভয় পক্ষ। উত্তর-দক্ষিণের মারামারি-হানাহানি-কাটাকাটিতে প্রায় নরক হয়ে ওঠে বাঁধের জনপদ। এরই মধ্যে পানির প্রবল তোড়ে পুরো বাঁধ ভেঙে যখন সম্পূর্ণ বিলীন হওয়ার উপক্রম, তখনো বোধোদয় ঘটে না অনেকের। অস্তিত্ব বিলীন হয়ে যায়, তবু অন্তঃসারহীন বিরোধের মীমাংসা ঘটে না। অবশেষে মহাপ্লাবনে ভেসে যাওয়া পিঁপড়ার দল থেকে শিক্ষা নেয় সবাই—ঐক্যের কোনো বিকল্প নেই।

নাটক প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ বারী বলেন, এই নাটকের পটভূমিতে রয়েছে বিভাজিত সমাজের উগ্রবাদ। জাতীয় ও বৈশ্বিক রাজনীতি এবং সামাজিক বাস্তবতায় বিপরীতমুখী চিন্তা ও দর্শনের সহাবস্থান আজ ভয়াবহ হুমকির মুখোমুখি। উগ্রবাদ শেষ পর্যন্ত ধর্মের নামে আজ ভয়ংকর জঙ্গিবাদে রূপ নিয়েছে। তাই বলা যায়, ‘ওই বাঁধে’ গল্প থেকে রচিত নাটক ‘বাঁধ’ মূলত উগ্রবাদের বিরুদ্ধে মানবিক ঐক্যের জয়গান।