উদ্যাপিত হলো জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে আতাউর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান সৈয়দ শামসুল হক
মঞ্চে আতাউর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান সৈয়দ শামসুল হক

নবাবের আসনের ওপরই কেক এনে রাখলেন তাঁর মহলের নারীরা। বাজনা ও বাদ্যের তালে তালে সিংহাসনের ওপর রেখেই কাটা হলো সেটি। সিংহাসনটি নারীগণ নাটকের জন্য তৈরি। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তাঁর প্রাসাদের নারীদের পরিণতি নিয়ে এই নাটক। এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সাহসী এই নাটকের নির্দেশক অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান। গত বৃহস্পতিবার ছিল তাঁর ৭৪তম জন্মদিন।
এ উপলক্ষে সেদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। নাটক শুরুর আগে এই মঞ্চসারথির জন্মদিন উপলক্ষে ছিল ছোট্ট একটি আনুষ্ঠানিকতা। সেই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন মিলন কান্তি দে। তারপর আতাউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ব্যক্তি ও নাট্যদল।
শুভেচ্ছা জানান গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, এনামুল হক, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে সৈয়দ শামসুল হক বলেন, ‘নাট্যনির্দেশক হিসেবে তিনি আমাদের দৃষ্টিকে প্রসারিত ও জীবনবোধকে গভীর করেছেন। নারীগণ নাটকটিকে প্রথমে অনেকে নাটক হিসেবে উপস্থাপন করতে চাননি। আতাউর রহমান সেটিকে নাটকে রূপ দিয়েছেন।’
ভালোবাসায় সিক্ত আতাউর রহমান বলেন, ‘মঞ্চে কখনো কখনো এমন মুহূর্ত তৈরি হয়, যখন মনে হয় আমি স্বর্গ স্পর্শ করছি। এই সময়ে এসে মনে হচ্ছে, আমি আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই, পুরো নাট্যজগতের।’
নাটকের পোশাক পরা নারীগণ-এর শিল্পী-কলাকুশলীদের নিয়ে কেক কাটেন তিনি। নাটক এবং আতাউর রহমানের জন্মোৎসবের এই আয়োজনটি করেছিল নাট্যদল পালাকার।