উৎসবে রাঢ়াঙ-এর সার্ধশত প্রদর্শনী

রাঢ়াঙ নাটকের ১৫০তম প্রদর্শনী উপলক্ষে তিন দিনের উৎসব শুরু হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। সেদিন রাজশাহী থেকে আসা কৃষিজীবী সাঁওতালরা অতিথিদের বরণ করেন তাঁদের নিজস্ব অতিথি বরণের রীতিতে। সাঁওতাল ভাষার গানে নেচে নেচে এই অতিথি বরণ ছিল নিখাদ আন্তরিকতায় পূর্ণ। পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটির ১৫০তম মঞ্চায়ন হয়।
উৎসব উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা চত্বরটিকে তির-ধনুক ও আদিবাসী জীবনের নানা অনুষঙ্গসহ সাঁওতাল সংস্কৃতির নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরেণ্য সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নাট্যজন আতাউর রহমান, আরণ্যকের প্রধান সম্পাদক মান্নান হীরা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনীর পর সেদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হয় ভঙ্গবঙ্গ। মামুনুর রশীদ রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।
গতকাল সন্ধ্যায় নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের লবিতে রাঢ়াঙ নাটকের ১৫০তম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।
২০০৪ সালে প্রথম মঞ্চে এসেছিল রাঢ়াঙ। ২০১১ সালের ৩১ জুলাই নাটকটির শততম মঞ্চায়ন হয়েছিল। ২০০০ সালে নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য যে লড়াই হয়েছিল, তাতে সাঁওতালদের আত্মত্যাগের ইতিহাস এই নাটকের উপজীব্য। মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত এই নাটকে অভিনয় করেছেন তমালিকা কর্মকার, শামীমা শওকত, মিতালি দাস, জয়রাজ, ঊর্মি হোসেন, সাজ্জাদ সাজু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে রচিত নাটক স্বপ্নপথিক। সকাল ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে রয়েছে ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’ শীর্ষক সেমিনার। সমাপনী অনুষ্ঠানে দেওয়া হবে আরণ্যক দীপু স্মৃতিপদক।