উৎসবে 'কানার হাটবাজার'

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১৩ দিনের গ্রুপ থিয়েটার উৎসবের শেষ দিন আজ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের দ্বাদশ দিনে গণসংগীত পরিবেশন করেছে অভ্যুদয় শিল্পীগোষ্ঠী। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী গানগুলো মার্চের এই দিনে ১৯৭১-এর মার্চের অগ্নিঝরা দিনগুলোকেই স্মরণ করিয়ে দেয়। দিনের অন্য পরিবেশনা প্রাপণ একাডেমির দলীয় নাচেও ছিল একই আবহ। ৩৫ জন শিশুশিল্পীর অংশগ্রহণে লোকনৃত্যের আঙ্গিকে এখানে তুলে ধরা হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ঋতুরাজ বসন্তকে। অনন্য বড়ুয়ার পরিচালনায় এই পরিবেশনা উপস্থিত দর্শকশ্রোতা প্রাণভরে উপভোগ করেন।
গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমীর নাটক কানার হাটবাজার। উপমহাদেশীয় রাজনীতির ঘটনাবলিকে খণ্ড খণ্ড দৃশ্যে সমন্বিত করে নানা ধরনের নকশাচিত্রকে একত্র করে কানার হাটবাজার প্রযোজনাটি তৈরি করা হয়েছে।
নাটকের গল্প ও নাট্যরূপ দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ এবং নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। অভিনয় করেছেন মো. সাইফুল ইসলাম, তৌহিদ হাসান, সুমন বড়ুয়া, বিটু ভৌমিক, শাহীনুর সরওয়ার, তাপস মাহমুদ, শামসুল কবির, জাহিদুল ইসলাম, সুজিত দাশ, কঙ্কণ দাশ, সিরাজাম মুনীরা ও গুলশান আরা।
দৃষ্টি আকর্ষণ: উৎসবে গত বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে প্রদর্শিত হয়েছে অঙ্গন থিয়েটার ইউনিটের নাটক শেষ বিকেলের গল্প। গতকাল বৃহস্পতিবার বিনোদন পাতায় প্রকাশিত ‘উৎসবে “শেষ বিকেলের পাখি”’ শীর্ষক প্রতিবেদনে নাটকের নামটি অসাবধানতাবশত শেষ বিকেলের পাখি ছাপা হয়েছে। দুঃখিত।