এ যেন নাট্যপার্বণ
বড় জেঠু খুলনা বেতারের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীতশিল্পী, তাঁর মেয়ে গ্রামে সংগীতের শিক্ষক হিসেবে পরিচিত। বড় চাচি নজরুলসংগীতশিল্পী, বাবা চিত্রশিল্পী। গ্রামে যাত্রাপালা, নাটকের আয়োজনে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা অংশ নিতেন। মায়ের বাবা কীর্তন দলের প্রধান। এমন এক পরিবারে বড় হয়েছেন ইন্দ্রাণী দাশ। ছোটবেলা থেকে তাই ‘ক খ’ পড়ার পাশাপাশি সারেগামাটাও রপ্ত করে ফেলেন। সঙ্গে আঁকা, আবৃত্তি, নাচ কত কিছু। বাড়ির পরিবেশ ইন্দ্রাণীকে নাটক ভালোবাসতে শিখিয়েছে। চাচাতো বোন নাটকে পড়েন রাশিয়াতে। তাঁর কাছ থেকে নাটকের গল্প শুনতে শুনতে সেই ভালোবাসা হয়েছে তীব্র। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে না পড়ে ইন্দ্রাণী ভর্তি হয়েছিলেন নাট্যকলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বিখ্যাত অভিনেত্রী ও নাট্যকার শাঁওলি মিত্রের নাটক নাথবতী অনাথবৎ নিয়ে মঞ্চে উঠছেন ইন্দ্রাণী। চার বছরের স্নাতক শেষে এবার পরীক্ষা দেওয়ার পালা মঞ্চে। নাথবতী অনাথবৎ–এর নির্দেশক তিনি। ইন্দ্রাণীর মতে, পরীক্ষার হলেও নাটক বাছাইয়ের ক্ষেত্রে তাঁর চোখ ছিল এমন সব বিষয়ে, যার সঙ্গে বর্তমানের যোগ আছে। মহাভারতের সময়ে হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীকে অপমান করা হয়েছিল। কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গুণী ও বিজ্ঞজনেরা। তবু এমন অন্যায়! নারীর প্রতি এই অন্যায় কি আজও চলছে না, এমন প্রশ্ন ছুড়ে দেবে তাঁর নাটক। প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যপার্বণে মেতে ওঠে। আয়োজক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। যদিও এটি বিভাগের শিক্ষার্থীদের চার বছরের পঠন–পাঠনের মূল্যায়ন। তথাপি বছরের পর বছর এই নাট্যমেলাকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা বাংলা নাটকে যুক্ত করেছে ভিন্নমাত্রা।
আরেক শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তীর গল্পটা ভিন্ন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ধারণাই ছিল না যে নাটকেও ভর্তি হওয়া যায়। ভর্তি পরীক্ষায় অন্যান্য বিষয় এসেছে। কিন্তু জানতে পারি, ভাইভার মাধ্যমেও ভর্তি হওয়া যায়। তখন ভাইভা দিই এবং উত্তীর্ণ হই।’ তবে প্রথম দিকে অতটা ভালো লাগেনি অপূর্বর। দিন যতই যাচ্ছিল, ধীরে ধীরে ভালো লাগা তৈরি হয়। এই নাট্যোৎসবে অপূর্ব নির্দেশনা দিচ্ছেন রেপার্টরি থিয়েটার আ প্লে নাটকটি। অপূর্বর মতো স্নাতকের আরও শিক্ষার্থীরা মাতিয়ে তুলবেন ১৫তম কেন্দ্রীয় বার্ষিক এই নাট্যোৎসব। কেউ অভিনয়ে, কেউ নির্দেশনায়, কেউ ডিজাইনে। আজ থেকে ১ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটমণ্ডল ভরে উঠবে নাট্যপ্রিয় মানুষের পদচারণে। শুধু তা–ই নয়, দেখা যাবে শিক্ষকদের নির্দেশিত নাটকও।
উদ্বোধনী দিনে স্যামুয়েল বেকেটের নাটক ওয়েটিং ফর গডো মঞ্চস্থ হবে। নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ইসরাফিল শাহীন। ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এর প্রদর্শনী। ২৭ মার্চ শুরু হবে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় সাতটি নাটকের প্রদর্শনী। ২৭ মার্চ দেবাশীষ কুমার দের নির্দেশনায় খারিজ ও আশরাফুল ইসলামের নির্দেশনায় কোথায় পাব তারে। ২৮ মার্চ রেপার্টরি থিয়েটার আ প্লে ও ওয়াজেদ শাহরিয়ারের নির্দেশনায় দ্য শ্যাডো অব হামিংবার্ড। ২৯ মার্চ রয়েছে নাদিরা আঞ্জুমের নির্দেশনায় দ্য টু ক্যারেক্টার প্লে, তাসলিমা হোসেনের নির্দেশনায় শেষ গোধূলির ঘুম ও ইন্দ্রাণী দাশের নির্দেশনায় নাথবতী অনাথবৎ। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল মঞ্চস্থ হবে ঐতিহ্যবাহী যাত্রাপালারীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, নির্দেশক বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান।
মঞ্চনাটকে অবদানের জন্য একজন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয় এই উৎসবে। এবারে নাট্যজন রামেন্দু মজুমদারকে দেওয়া হবে সম্মাননা। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলাম, প্রস্তাব করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা চালু করা হোক। চালু হলো। এ কারণে আমার ভালো লাগাটা বেশি।’
বলে রাখা ভালো, ২০১৯ সালে ১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করা হয়। ২০২০ সালে মহামারির কারণে পিছিয়ে যায় এ নিয়মিত আয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার উৎসব শুরু হলো। বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান জানান, ১২ দিনব্যাপী এই বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে বিভাগের জ্ঞানমুখী শিল্পচর্চা স্থানীয় ও বিশ্বজনীন জ্ঞানপ্রবাহে অভিষিক্ত হবে। এই নাট্যোৎসব এমন একটি সৃজনশীল কর্মে উদ্দীপ্ত হয়েছে, যেখান থেকে ইতিবাচক ও উৎকর্ষময় মাত্রা পেতে পারে তাঁদের শিল্পচেতনা।
দেশে এখনো পেশাদার থিয়েটারচর্চা গড়ে ওঠেনি। তাই এই তরুণ নির্দেশকেরা নাটকের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। যদিও এ নিয়ে ভাবছেন না নাদিরা আঞ্জুম। ছোটবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে মেডেল পেতেন তিনি। সেই থেকেই ভালো লাগা অভিনয়ে। কিন্তু নাট্যকলায় ভর্তি হওয়াটা ছিল একেবারে অনভিপ্রেত। কারণ, তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্রী। ধীরে ধীরে বিভাগের সবকিছু ভালো লেগে যায়। কিন্তু দেশে এখনো থিয়েটার নিয়ে আশপাশের মানুষের নেতিবাচক ধারণা পীড়া দেয় তাঁকে। তিনি চান, সবার আগে মানুষের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক। নাটকে পড়ে সমাজ পরিবর্তন, দৃষ্টিভঙ্গি বদলানোর যে শিক্ষা পেয়েছেন—এটাই তাঁর কাছে বড় পাওয়া।