এই বৈশাখে 'চম্পকনগরের উপকথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে চার দিনব্যাপী নানান আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে তারা মঞ্চায়ন করবে চম্পকনগরের উপকথা নাটকটি। বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের এই আয়োজনে চার দিনই সন্ধ্যা সাতটায় নাটমণ্ডলে এই নাটক দেখানো হবে। মধ্যযুগের বাংলা নাট্য পদ্মপুরাণ অবলম্বনে এই নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী তামান্না হক। এতে অভিনয় করেছেন বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি ও বৈশাখ উদ্যাপন শুরু হবে। নেচে-গেয়ে পুরোনো বছরকে বিদায় জানানো ছাড়াও এই আয়োজনে থাকবে আলোচনা অনুষ্ঠান। ‘সহিংসতার বিপরীতে সংস্কৃতি’বিষয়ক আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অনেকে। বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী জানালেন, চৈত্রসংক্রান্তি উপলক্ষে এবারই প্রথম মঞ্চস্থ হতে যাচ্ছে চম্পকনগরের উপকথা নাটকটি।