এই ভালোবাসা কোন ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ব্রাত্য আমি মন্ত্রহীন নাটকের মহড়া
চলছে ব্রাত্য আমি মন্ত্রহীন নাটকের মহড়া

দরজা লাগানো। একটু-আধটু শব্দ আসছে ভেতর থেকে। অস্পষ্ট। দরজাটা খানিক ঠেলে ঢুকলাম ঘরে। তাতে কেউ কিছু মনে করল না। চলল অভিনয়।
দেখতে থাকি, দুরন্ত কিশোরী আনন্দী। সবুজ ফড়িংয়ের মতো উড়ে বেড়ায় এদিক-সেদিক। কিশোরী আনন্দীর বিয়ের সানাই বেজে ওঠে। বিয়ে হয়, তার একটি ছেলেও হয়। তবে দুরন্তপনা তার পিছু ছাড়ে না। কখনো সে চলে যায় গ্রামের যাত্রাপালায়। সাঁতরে পাড়ি দেয় গঞ্জের বড় দিঘি।

সেদিন বিকেলে মহড়াকক্ষটি হয়ে গেল দিঘি। দুটি বেগুনি রঙের কাপড় দুলছে ঢেউয়ের মতো। তার ভেতরে সখীদেরসহ নাইতে নেমেছে আনন্দী। সখীদের সঙ্গে গন্ধ সাবান নিয়ে কথা হয়। একসময় সখীরা দেখে আনন্দী সাঁতরে যাচ্ছে দূরে। সখীরা আঁতকে ওঠে। ডাকে আনন্দীকে। কিন্তু আনন্দী পাড়ি দেয় বড় সেই দিঘি। গ্রামের ঠাকুমা ভৎ৴সনা করে আনন্দীকে। ছেলের মা হওয়ার পরও এখনো তার দুরন্তপনা কাটেনি। এ কেমন মেয়ে রে বাবা! আশ্চর্য হয় গ্রামের লোকজন।

অভিনয় চলছিল সাবলীল। মাঝে মাঝে বাজছে তবলার তেহাই কিংবা বাঁশির সুর। নির্দেশক জানালেন, পাঁচ মিনিটের বিরতি। কেউ কেউ বেরিয়ে গেলেন বাইরে, কেউবা ঠোঁট লাগালেন চায়ের কাপে। বসে যাই নির্দেশক ও নাট্যকারের সঙ্গে।
নাট্যকার সাধনা আহমেদ প্রথমেই বললেন, ‘গল্প তো খুলে বলা যাবে না। গল্প জানতে হলে নাটক দেখতে হবে মিলনায়তনে গিয়ে।’
প্রশ্ন করি, তবে কী বলতে চান নাটকে?

নির্দেশক ইউসুফ হাসান বললেন, ‘নাট্যকার একটি মহৎ জীবনবোধ থেকে নাটকটি লিখেছেন। মুক্তির তত্ত্বের ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি বা রবীন্দ্রনাথের যে দর্শন বা লালনের যে দর্শন বা আমাদের বাউলবাদের যে দর্শন আছে, সেটাকে সমান্তরালে ভাবার চিন্তা থেকে একটি গল্প ফেঁদেছেন নাট্যকার। গল্পটি ফেঁদেছেন এমন, পদ্মার অববাহিকায় একজন জমিদার আছেন। সেখানে বোষ্টমি আছেন, বৈষ্ণব আছেন, বাউলেরাও আছেন। তো এক বোষ্টমি জমিদারকে গুরু মেনেছেন। তাঁকেই সাঁই বলে ডাকেন। তাঁকে তিনি ভালোবাসেন। এই ভালোবাসা কোন ভালোবাসা?’

নাট্যকার যোগ করেন, ‘শুধু প্রেম নয়, ধর্মের দার্শনিক দিকও গুরুত্বপূর্ণ। ধর্ম কি শুধু প্রাতিষ্ঠানিকতা? না মানবতা? মানুষ কেন এত অমানবিক। সংকট কোথায়? এই বিষয়টিও নাটকটির প্রাণ।’

৩ নভেম্বর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে উদ্বোধনী প্রদর্শনী। যশোরের নাটকের দল বিবর্তন মঞ্চে আনছে ব্রাত্য আমি মন্ত্রহীন নামের নাটকটি। প্রশ্ন জাগে, যশোরের দল ঢাকায় কীভাবে মহড়া করছে? বিবর্তনের প্রতিষ্ঠাতা সদস্য মনিরুল ইসলাম বললেন, ‘আমাদের মধ্যে যাঁরা বিবর্তন করেন, তাঁদের অনেকেই জীবিকার তাগিদে চলে আসেন ঢাকায়। সেই সুবাদে এখানেই তাঁরা সবাই মিলে একটি প্রযোজনা করতে পারছেন।’