এক টিকিটে দুই নাটক
সরকারি তিতুমীর কলেজের ছাত্র বিপুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে আজ মঙ্গলবার এক টিকিটে দুটি কমেডি নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে নাট্যদল ‘নাটুকে’ ও তাদের অঙ্গসংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’। আজ সন্ধ্যা ছয়টা ও সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই দুই নাটকের প্রদর্শনী হবে।
সন্ধ্যা ছয়টায় মলিয়্যের রচিত ও অসীম দাশ নির্দেশিত নাটক বিয়ে বিড়ম্বনার মঞ্চায়ন হবে। এরপর সন্ধ্যা সাতটা ১০ মিনিটে পরিবেশন করা হবে মার্ক ক্যামোলতি রচিত, আল নোমান অনূদিত ও নির্দেশিত নাটক ঠাকুর ঘরে কে রে...!
নাটক দুটিতে অভিনয় করেছেন আল নোমান, শহীদুল্লাহ, আহসান, শিমুল, মনি, শ্যামল, রিংকু, পল্লব, মুরাদ, আল আমিন, মাহবুব, মেরিন, খোকন ও আলমগীর। নাটক মঞ্চায়ন শেষে সংগৃহীত অর্থ বিপুর বাবার হাতে তুলে দেওয়া হবে। বিপুর কিডনি প্রতিস্থাপন করতে হবে। সেই প্রতিস্থাপনের জন্যই অর্থের প্রয়োজন। তাই নাটুকে তাদের নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে সেই অর্থ উত্তোলনে সহায়তা করছে বিপু ও তাঁর পরিবারকে।