একাত্তরে ফিরে গেল জোহা হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে গতকাল মঞ্চস্থ হয় ‘জোহা হল কথা কয়’ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাকিস্তানি সেনারা লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে আমার হাতের আঙুলের নখ তুলেছে। বেয়োনেট দিয়ে একজনের চোখ বের করে ফেলল। চারপাশে বন্দী মানুষের গলা থেকে পশুর মতো আর্তচিৎকার ভেসে আসছে। যখন চেতনা ফিরে এল, তখন দেখি লাশের স্তূপের মধ্যে পড়ে আছি। পরনে কিছু নেই।’ গণহত্যার পরিবেশ থিয়েটার ‘জোহা হল কথা কয়’-এর এক বাস্তব চরিত্র আবদুল মান্নান। তিনি গণকবর থেকে অলৌকিকভাবে বেঁচে আসা এক মানুষ। মঞ্চে তাঁর মুখেই শোনা গেল এই সংলাপ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী ৬৪ জেলায় মঞ্চায়িত হচ্ছে গণহত্যা পরিবেশ থিয়েটার।

দেশব্যাপী ৬৪ জেলায় মঞ্চায়িত হচ্ছে গণহত্যা পরিবেশ থিয়েটার। এ ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে পরিবেশিত হয় এই নাটক
ছবি: প্রথম আলো

এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে পরিবেশিত হয় এই নাটক। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু।

দেশ স্বাধীন হওয়ার পরে জোহা হলের পাশের গণকবর থেকে উদ্ধার করা হয় বহু মানুষের হাড়গোড়। জোহা হলে পাওয়া যায় নির্যাতনের শিকার নারীর মাথার চুল, শাড়ি ও ছেঁড়া ব্লাউজ। ৫০ বছর পর নাটকে ঠিক সেই আবহই ফুটিয়ে তোলা হলো। হলের দুই পাশে দুটি এলইডি মনিটরে বাইরে ধারণ করা দৃশ্যগুলো দেখানো হয়।

নাটক পরিবেশনার শেষে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী
ছবি: প্রথম আলো

ট্রেন থেকে পাকিস্তানি বাহিনী উত্তরাঞ্চলে আটক মুক্তিকামী নারী-পুরুষকে এক দড়িতে বেঁধে নিয়ে আসছে। দেখানো হয় কীভাবে নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান দেবদাস। আদালত বসিয়ে কীভাবে শিক্ষক ও সাংবাদিকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। একাত্তরের মতোই হলের বিভিন্ন ব্লক থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসে। একই সঙ্গে হলের বিভিন্ন ব্লকের বারান্দায় নারীদের নির্মম নির্যাতনে শিউরে ওঠার মতো দৃশ্য দেখা যায়।

শেষ দৃশ্যে দেশের প্রথম পতাকা আস্তে আস্তে দর্শকদের মাথার ওপর উড়তে থাকে। শত শত প্রদীপ নিয়ে একে একে শিল্পীরা হলের পূর্ব পাশের মনিটরের সামনে আলোর মেলা রচনা করেন। নেপথ্যে শোনা যায়, ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোন শোন পিতা।’

এর আগে ফেনীতে পরিবেশিত হয় নাটক ‘গোলপোস্ট’
ছবি: সংগৃহীত

নাটকে মোট ২২১ জন অভিনয়শিল্পী অংশ নেয়। শিল্পীদের একটি অর্থপূর্ণ সংখ্যায় ভাগ করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এই নাটকের কোরিওগ্রাফি করেছেন ১০০ জন থিয়েটারকর্মী। ’৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে বলে ৭১ জন শিল্পী প্রত্যক্ষ অভিনয়ে ছিলেন। আর স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে মনে রেখে ৫০ জন নেপথ্য শিল্পী এই নাটকের কাজ করেছেন। তাঁদের মধ্যে পাকিস্তানি সেনার চরিত্রে অভিনয়ে রয়েছেন ৬৭ জন শিল্পী। মুক্তিযুদ্ধের এই নাটক ৭০ মিনিটেই শেষ হয়।

আয়োজনটি প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘পরিবেশ নাটক হলো প্রচলিত প্রেক্ষাগৃহের বাইরে গিয়ে অন্যত্র নাটক মঞ্চায়ন। এ পদ্ধতিতে যেকোনো স্থানে মঞ্চায়নের উপযোগী পরিবেশ সৃষ্টি করে নাট্য পরিবেশনা সম্ভব।

মেহেরপুর সরকারি কলেজ মাঠে মঞ্চস্থ হয় নাটক ‘বোধন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এ ধারণা ভিন্নমাত্রা পেয়েছে। যেখানে ঘটনা সংঘটিত হয়েছে, ঠিক সেখানেই নাটক মঞ্চস্থ করে পরিবেশ থিয়েটার প্রকৃত অর্থে পরিবেশবাদী হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’ ইতিমধ্যে মেহেরপুর, সাতক্ষীরা, লালমনিরহাট, ফেনীতে যুদ্ধস্মৃতিজড়িত এলাকার গণহত্যা নিয়ে নাটক পরিবেশিত হয়েছে।