এবার রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রবীন্দ্রনাথ ঠাকুর’ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ
‘রবীন্দ্রনাথ ঠাকুর’ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ

মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চাকেন্দ্রের আমন্ত্রণে জাতীয় নাট্যোৎসবে যোগ নিতে মুম্বাইয়ের তিনটি দল এসেছে ভারতের কলকাতায়, তার একটি নাসিরউদ্দিন শাহ-এর ‘মোটলে থিয়েটার’। এ উৎসব শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে। কলকাতায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন শাহ জানিয়েছেন তাঁর পরবর্তী ছবির ভাবনার প্রসঙ্গটি।
আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজারের একটি চলচ্চিত্রে ‘রবীন্দ্রনাথ’ চরিত্রে অভিনয় করার সম্ভাবনা আছে নাসিরউদ্দিন শাহ-এর। পরিচালক এরই মধ্যে নাসিরউদ্দিনের কাছে চিত্রনাট্য পাঠিয়ে দিয়েছেন। নাসিরউদ্দিনের কাছে গল্পটি খারাপ লাগেনি, তবে এখনো তিনি অভিনয়ের জন্য সম্মতি দেননি।
কাহিনিটা নিয়ে নাসিরউদ্দিন শাহ বলেছেন, রবীন্দ্রনাথের গোটা জীবন নয়, তাঁর জীবনের শেষ পর্যায়টাই ধরতে চেয়েছেন পরিচালক। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগের বিষয়টিও রয়েছে এই ছবিতে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন শাহ রসিকতা করে বলেন, ‘সম্ভবত এই ছবিটা আমি করব। তাতে বাঙালি অভিনেতারা আমার ওপর চটে যেতে পারেন। অবশ্য বেন কিংসলে ‘গান্ধী’ চরিত্রে অভিনয় করার পর তো কেউ রাগ করেননি! সেটা একটা আশার কথা।’
বলে রাখা ভালো, ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন আর্জেন্টিনার নারীবাদী লেখক। আর্জেন্টিনা থেকে বহুদূরের ভারতবর্ষের কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর চমত্কার সম্পর্ক। রবীন্দ্রনাথ তাঁকে ডাকতেন ‘বিজয়া’ বলে, ওকাম্পোকে তাঁর বেশ কিছু কবিতাও উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ। এনডিটিভি। এবেলা।