এল 'যদি এই বাংলায় আসো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী এবং অতিথিরা। ছবি: প্রথম আলো
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী এবং অতিথিরা। ছবি: প্রথম আলো

‘একটি কবিতার অ্যালবামের জন্য এত মানুষের সমাগম, আমি সত্যিই অভিভূত!’

বললেন কলকাতার আবৃত্তিকার ডালিয়া বসু সাহা। গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি–ভবনে অনুষ্ঠিত ‘যদি এই বাংলায় আসো’ শিরোনামের একটি কবিতার অ্যালবামের প্রকাশনার অনুষ্ঠানে লোকসমাগম দেখে এমন মন্তব্য করলেন তিনি।

‘যদি এই বাংলায় আসো’ শিরোনামের অ্যালবামে আবৃত্তি করেছেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তাঁর সঙ্গে কলকাতার জনপ্রিয় বাচিকশিল্পী ডালিয়া বসু। গতকাল সন্ধ্যায় ছায়ানটে প্রকাশিত হয় জি সিরিজের ব্যানারে তৈরি হওয়া কবিতার এই অ্যালবাম।

অনুষ্ঠানে এসেছিলেন আসাদুজ্জামান নূর, ডালিয়া বসু সাহা, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শুদ্ধমঞ্চের সাধারণ সম্পাদক মসিউদ্দিন খান সমীর।

কবিতা আবৃত্তি করার আগে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি আসলে বহু বছর ধরে কবিতার চর্চা করি না। এটা তো চর্চার ব্যাপার, তাই এখন আবৃত্তি করতে গেলে দুই-তিন রকমের আওয়াজ হয়ে যায় কণ্ঠের। তবু রাম চন্দ্র দাসের কথায় তাঁর কবিতার অ্যালবামে কণ্ঠ দিলাম। সময়-সুযোগ হলে আপনারা সেটা শুনবেন।’

কলকাতার আবৃত্তিকার ডালিয়া বসু সাহা বলেন, ‘রাম চন্দ্র দাসের কবিতাগুলো একদম এই সময়ের জন্য প্রাসঙ্গিক। আমাদের জীবনের নানা রকম অনুভূতি আর অভিজ্ঞতার কথা উঠে এসেছে এখানে। আর আসাদুজ্জামান নূর দার কথা কী বলব! আমি যখন শুনলাম তাঁর সঙ্গে কাজ করব, রীতিমতো নার্ভাস হয়ে গিয়েছিলাম। এত গুণী একজন মানুষের সঙ্গে কাজ করা আমার জন্য বিরাট পাওয়া। সংশ্লিষ্টদের ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য।’

কবি রাম চন্দ্র দাসের একটি কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রীর একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘রাম চন্দ্র দাস আমার খুব পুরোনো বন্ধু। আমরা একসঙ্গে বহু দিন কাজ করেছি। সে ভালো গান গাইতে পারে, লিখতেও পারে। কিন্তু এত ভালো কবিতাও লেখে, সেটা প্রথম দিকে টের পাইনি। ইতিমধ্যে তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। আমি সেগুলো পড়ে মুগ্ধ হয়েছি।’

কবিতার এই অ্যালবাম সাজানো হয়েছে কবি রাম চন্দ্র দাসের কবিতা দিয়ে। এতে ১০টি কবিতা রয়েছে। কবিতাগুলো হচ্ছে ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘যদি এই বাংলায় আসো’, ‘অপর বেলায়’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘শুধু শান্তি চাই’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।

‘যদি এই বাংলায় আসো’ কবিতার অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। ফেনীর এই তরুণীকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় তারই মাদ্রাসার ছাদে।