'কইন্যা' ও 'ক্রাচের কর্নেল' দিয়ে শুরু হবে উৎসব
প্রাচ্যনাটের আলোচিত ‘কইন্যা’ ও বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। কাল ৫ এপ্রিল বুধবার উৎসবের উদ্বোধনী দিনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ দুটি নাটক মঞ্চস্থ হবে। পরদিন বৃহস্পতিবার নাট্যোৎসবের দ্বিতীয় দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে কার্টেন কল (ভারত) মঞ্চস্থ করবে ‘পড়শি বসত করে’ ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘গহনযাত্রা’।
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৪তম জন্মদিন ১১ এপ্রিল। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদানের আয়োজন শুরু হবে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

পদাতিক নাট্য সংসদ সূত্রে জানা গেছে, সাত দিনের এ আয়োজনে আয়োজক সংগঠন ছাড়াও আরণ্যক নাট্যদল, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্যাঙ্গন, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, অন্বেষা থিয়েটার (ময়মনসিংহ) ও ভারতের কার্টেন কল অংশগ্রহণ করবে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করবেন বিগত বছরগুলোতে অনুষ্ঠিত উৎসবে স্মারক সম্মাননা পাওয়া ব্যক্তিত্বরা। বিশেষ অতিথি থাকবেন বংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান ও বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।