কক্সবাজার নাট্যোৎসবে সময়ের 'শেষ সংলাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শেষ সংলাপ’ নাটকের দৃশ্য
‘শেষ সংলাপ’ নাটকের দৃশ্য

তিন দশক পূর্তি উপলক্ষে কক্সবাজার থিয়েটার আয়োজন করেছে কক্সবাজার নাট্যোৎসব ২০১৫। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ২৯ মে শুক্রবার সন্ধ্যায় ‘শেষ সংলাপ’ নাটক পরিবেশন করবে সময় নাট্যদল।
সময় নাট্যদলের দলপ্রধান ও ‘শেষ সংলাপ’ নাটকের নির্দেশক আকতারুজ্জামান জানিয়েছেন, উৎসবে যোগ দিতে সময়ের ৩০ সদস্যের একটি দল ২৮ মে রাতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বে।
‘শেষ সংলাপ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমুখ।
মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
সময় নাট্যদলের ২৯তম এই প্রযোজনাটি ২০০৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে। দেশে-বিদেশে এখন পর্যন্ত নাটকটির ৬৫টি প্রদর্শনী হয়েছে। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন। মঞ্চ, সংগীত, পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন যথাক্রমে ফয়েজ জহির, কমল খালিদ, আমিনুর রহমান মুকুল এবং আলমগীর হোসেন।

নাটকের কাহিনিতে মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তী সময়ে সুলতানের উত্তরাধিকারের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনি পদ্ধতিতে না কি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবেন সুলতান? এই সমস্যারই এক জটিল শৈল্পিক রূপ ‘শেষ সংলাপ’।