কক্সবাজারে তিন দিনের নাট্যসন্ধ্যা
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ত্রয়ী নাট্যসন্ধ্যা’। গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম সংগঠন কক্সবাজার থিয়েটার এই নাট্যসন্ধ্যার আয়োজন করেছে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক তাপস রক্ষিত জানান, সংগঠনের তিন দশক পূর্তি উপলক্ষে ত্রয়ী নাট্যসন্ধ্যার আয়োজন করা হয়েছে। ১১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে চট্টগ্রামের নাট্যদল মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের প্রথম পার্থ। মহাভারতের একটি অংশের কাহিনি নিয়ে এটি লিখেছেন বুদ্ধদেব বসু। নির্দেশনা দিয়েছেন সুচরিত দাশ।
১২ ডিসেম্বর মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে কক্সবাজার থিয়েটারের নাটক যখন বৃত্তের বাইরে। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে রুশ গল্পকার মিখাইল সালতিকভ শেদ্রিনের গল্প অবলম্বনে নাটক টু ইডিয়টস। নাটক দুটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য।