কক্সবাজারে সাত দিনের নাট্যোত্সব

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের ‘কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে’ আজ সোমবার শুরু হচ্ছে সাত দিনব্যাপী নাট্যোত্সব। গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে অংশ নিচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার আটটি নাট্যদল। উৎসব চলবে ৩১ মে পর্যন্ত।
আজ সন্ধ্যায় নাট্যোত্সবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, বিভাগীয় সম্পাদক সাইফুল ইসলাম।
কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক তাপস রক্ষিত জানান, উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে কক্সবাজার থিয়েটারের নাটক নীল সমুদ্রের ঝড়। এরপর ২৬ মে চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক কবি, ২৭ মে থিয়েটার আর্ট কক্সবাজারের প্রযোজনা বাঁধ ও বিশ্বাসের দ্বন্দ্ব, ২৮ মে চট্টগ্রামের উত্তরাধিকারের নাটক মৃত্যু পাখি, ২৯ মে ঢাকার সময় নাট্যগোষ্ঠীর প্রযোজনা শেষ সংলাপ, ৩০ মে ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক বদনাম, ৩১ মে ঢাকার অবয়ব নাট্যদলের নাটক ফেরিওয়ালা এবং ঢাকার মুক্তমঞ্চ থিয়েটারের নাটক মেঘবালিকার মঞ্চায়ন হবে।