‘কঞ্জুস’ আসবেন আজ

মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকীছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছরের বেশি সময় ধরে ঢাকার মঞ্চে নিয়মিত ‘কঞ্জুস’। এত বছরেও বুড়ো হননি ‘কঞ্জুস’। নাটকটি পুরোনো হয়নি। সেই যে শুরু হলো ১৯৮৭ সালের ৮ মে, এখন পর্যন্ত মঞ্চ মাতিয়ে রেখেছে নাটকটি। ১০০, ২০০ করে নাটকটি ৭০০ মঞ্চায়নের মাইলফলক ছুঁয়ে ঢাকার মঞ্চে রেকর্ডও করেছে। লোকনাট্য দলের অনবদ্য এই নাটকের ৭২৪তম মঞ্চায়ন হতে যাচ্ছে আজ শনিবার, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে।
১৯৮৭ সাল থেকে ঢাকার মঞ্চে নিয়মিত হলেও ‘কঞ্জুস’ নাটকের ইতিহাস আরও পুরোনো। ১৯৮২ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন কজন নাট্যকর্মী। দেশে ফিরে তাঁরা প্রতিষ্ঠা করেন ‘নাট্যদল’ নামের একটি মঞ্চনাটকের দল। সঙ্গে আরও কয়েকজন।

কঞ্জুস নাটকের দৃশ্য
ছবি: সংগৃহীত

এর মধ্যে আছেন সৈয়দ জামিল আহমেদ, তারিক আনাম খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার, লিয়াকত আলী লাকী, কামাল উদ্দিন নীলু প্রমুখ। তারিক আনাম খান ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে অনুবাদ করলেন ‘কঞ্জুস’। ১৯৮৩ সালের প্রথম দিকে নাটকটি মঞ্চে আনা হয়। ১০টি প্রদর্শনীর পর ১৯৮৭ সালে নাটকটি সম্প্রচারিত হয় বিটিভিতে। তারপর নাট্যদল আর নাটকটি মঞ্চস্থ করেনি। পরে নতুন আঙ্গিকে নাটকটি মঞ্চে আনে লোক নাট্যদল। নির্দেশনা দেন লিয়াকত আলী লাকী।

কঞ্জুস নাটকের একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

মলিয়েরের নাটকটি পুরোপুরি বাংলাদেশি আবহে এনে ফেলা হয়েছে। সংলাপে ব্যবহার হয়েছে পুরান ঢাকার ভাষা। পুরান ঢাকার বাসিন্দাদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এই নাটকে পুরোনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহৃত হয়েছে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে লোক নাট্যদলের প্রধান লিয়াকত আলী বললেন, জীবদ্দশায় মলিয়ের সমালোচকদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছেন। কিন্তু তাঁর নাটক দেশে দেশে মানুষের মধ্যে কত যে শক্তি সঞ্চারিত করেছে, তা কঞ্জুস দিয়েই বোঝা যায়।

নাটকটির শততম প্রদর্শনী হয় ১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি। ৪০০তম প্রদর্শনী হয় ২০০১ সালের ২১ সেপ্টেম্বর। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নাটকটির ৫০০তম প্রদর্শনী হয়। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নাটকটি ৭০০তম প্রদর্শনী হয়।

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় লোকনাট্যদলের কঞ্জুস নাটকের ৭২৪ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

দেশ ও বিদেশে বহু পুরস্কারও অর্জন করেছে কঞ্জুস। ১৯৯৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিকে অন্যতম সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে। মোনাকোয় অনুষ্ঠিত ‘বিশ্ব থিয়েটার উৎসব ২০১৩’তে অংশগ্রহণ করে প্রশংসিত হয়। যুক্তরাজ্যের ব্র্যাডি সেন্টারেও কঞ্জুস-এর উপস্থাপনা দর্শকনন্দিত হয়।