কথক উৎসবে আজ ভানু সিংহের পদাবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধা-কৃষ্ণের প্রতীকী ছবি
রাধা-কৃষ্ণের প্রতীকী ছবি

আজ ছায়ানট মিলনায়তনে পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যালেখ্য ‘ভানু সিংহের পদাবলী’। কথক গুরু সাজু আহমেদের নির্দেশনায় কবিগুরুর এই গীতিনৃত্যালেখ্যটি পরিবেশন করবে সিলেটের নাচের দল ‘নৃত্যশৈলী’। এই গীতি নৃত্যালেখ্যতে রাধার চরিত্রে নৃত্য করবেন নীলাঞ্জনা জুঁই এবং কৃষ্ণের চরিত্রে স্বর্ণা রায় শান্তা।
ভানুসিংহের পদাবলী পরিবেশনার মধ্যদিয়ে আজ শেষ হতে যাচ্ছে তিন দিনের কথক নৃত্য উৎসব। শেষ দিনের অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। এই সন্ধ্যার অতিথি থাকবেন আমানুল হক, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, নীলুফার ওয়াহিদ পাপড়ী এবং মুনমুন আহমেদ। অতিথিদের বক্তব্যের পরেই শুরু হবে কথক নৃত্য। প্রসঙ্গত; কথক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে বৃহস্পতিবার চতুর্থ বছরের মতো শুরু হয়েছিল ‘কথক নৃত্য উৎসব’। এবারের উৎসবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে অংশ নিয়েছিলেন প্রায় শতাধিক কথক নৃত্যশিল্পী। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল তিন প্রজন্মের নৃত্যভাবনা নিয়ে একটি আলোচনা।
উৎসবের শেষ দিনে ঢাকাসহ রংপুর, পাবনা ও সিলেটের ৭ জন শিল্পী একক নৃত্য পরিবেশন করবেন।