কর্মশালা শেষ, কালও স্টুডিও থিয়েটারে নাটক

নাট্যকার উইলিয়াম শেকস্পিয়রের ৪শ তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ছিল ‘শেকস্পিয়রের নাটক: বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং অভিনয় শৈলী’ নিয়ে পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা। গতকাল শনিবার শেষ হয়েছে সেই কর্মশালা। কর্মশালায় অংশ নেওয়া নির্বাচিত নাট্যকর্মীরা আজ রোববার দুটি ও কাল সোমবার তিনটি নাটক মঞ্চস্থ করবেন।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হবে উইলিয়াম শেকস্পিয়রের দুটি নাটক ‘মার্চেন্ট অব ভেনিস’ ও ‘ম্যাকবেথ’। কাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘ওথেলো’, ‘টেম্পেস্ট’ ও ‘টেমিং অব দ্য শ্রু’-এর বাছাইকৃত অংশ।
জাতীয় নাট্যশালার এক নম্বর মহড়া কক্ষে প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কর্মশালা এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন নাট্যসারথি আতাউর রহমান। গত ১৪ অক্টোবর এর উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে তাতে উপস্থিত ছিলেন বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন রামেন্দু মজুমদার এবং বিশেষ অতিথি আবদুস সেলিম ও আনোয়ারা সৈয়দ হক।
১৫ অক্টোবর বিকেল ৪টা থেকে ৬টা শেকস্পিয়রের ওপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হয়। পরে ভাষণ দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। কর্মশালাভিত্তিক ৫টি দল তৈরি করে দেন তিনি। এ দলগুলোই একটি করে নাটকের বাছাইকৃত অংশ মঞ্চস্থ করবে। ইম্প্রোভাইজেশন প্রযোজনা ‘ম্যাকবেথ’ অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক ও উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন কামালউদ্দিন কবির, যৌথভাবে ‘ওথেলো’ অনুবাদ করেছেন মুনীর চৌধুরী ও কবীর চৌধুরী ও উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন সম্রাট প্রামাণিক; ‘মার্চেন্ট অব ভেনিস’ অনুবাদ করেন আবদুস সেলিম ও উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আল জাবির; ‘টেম্পেস্ট’ অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক ও উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ এবং ‘টেমিং অব দ্য শ্রু’ অনুবাদ করেছিলেন মুনীর চৌধুরী ও উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আহমেদ।
১৬ ও ১৭ অক্টোবর অভিনয় কৌশল, শেকস্পিয়রের নাটকের অভিনয় কৌশলের রূপান্তর নিয়ে ক্লাস নেন ইসরাফিল শাহীন, ১৮ অক্টোবর ইতিহাস ও শেকস্পিয়রের নাটকের গঠনশৈলী নিয়ে কথা বলেন শহিদুল মামুন, ২১ অক্টোবর ইম্প্রোভাইজেশন করেন মামুনুর রশীদ, ২২ অক্টোবর নিয়াজ জামান, ২৩ অক্টোবর আতাউর রহমান, ২৪ অক্টোবর রেবেকা হক, ২৫ অক্টোবর ফকরুল আলম, ২৮ অক্টোবর আবদুস সেলিম, ২৯ অক্টোবর তারিক আনাম খান, আতাউর রহমান ও সহযোগীবৃন্দ। কর্মশালার মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ।
কর্মশালায় আতাউর রহমান বলেন, ‘শিল্পকলা একাডেমি আয়োজিত বছরব্যাপী এ কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। শুরু থেকেই এই বৃহৎ কর্মকান্ডের সঙ্গে একাত্ম হয়ে আছি। শেকস্পিয়র বিলেতে জন্মগ্রহণ করেও তিনি যে সর্বকালের, সর্ব মানুষের তথা পৃথিবীর নাট্যকার তা এই সমগ্র আয়োজনের মাধ্যমে কিছুটা হলেও প্রতিভাত হবে। আমাদের দেশের নাট্যচর্চার জয় হোক।’