কলকাতার মঞ্চ মাতালেন বাংলাদেশের দুই নৃত্যশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানমী তানজানা
মানমী তানজানা

পশ্চিমবঙ্গের ডান্স গ্রুপ ফেডারেশনের উদ্যোগে ‘আগামী দিনের তারকা’ শীর্ষক নৃত্য উৎসবে কলকাতার দর্শকদের মাতিয়ে গেলেন বাংলাদেশের দুই নৃত্যশিল্পী। কলকাতার জ্ঞান মঞ্চে এই নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় গত বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় ।
দুই দিনব্যাপী আয়োজিত এই নৃত্য উৎসবে অংশ নিয়েছিলেন ১২ জন নৃত্যশিল্পী। এঁরা পরিবেশন করেছেন কত্থক, মণিপুরি, ভরতনাট্যম, ওডিশি ও কুচিপুরি নৃত্য। এই উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন মানমী তানজানা অর্থি এবং এস এম হাসান ইসতিয়াক ইমরান। মানমী পরিবেশন করেছেন মণিপুরি আর হাসান ইমরান পরিবেশন করেছেন কত্থক নৃত্য। দুজনের নৃত্য মুগ্ধ করেছে কলকাতার দর্শকদের।
মানমী নৃত্যে শিক্ষা নিয়েছেন বাংলাদেশের তামান্না রহমান ও কলকাতার কলাবতী দেবীর কাছ থেকে। ইমরান শিখেছেন ঢাকার সাধনার লুবনা মারিয়াম ও কলকাতার অসীমবন্ধু ভট্টাচার্যের কাছ থেকে। দুজনই এখন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী।