কলকাতায় প্রশংসিত বাংলাদেশের শাম্মি

বাংলাদেশি শিল্পী শাম্মি আক্তারের ভরতনাট্যম পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে কলকাতাবাসীর। বুধ ও বৃহস্পতিবার কলকাতার জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ ড্যান্স গ্রুপ ফেডারেশনের দুই দিনব্যাপী ‘স্টারস অব টুমরো’ শীর্ষক এক নৃত্যানুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশের শিল্পী শািম্ম আকতার। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল শািম্ম আকতারের পরিবেশনা।
শাম্মি ঢাকার কল্পতরু স্কুল অব ড্রামা থেকে ভরতনাট্যম শিখেছেন। সাংস্কৃতিক কেন্দ্র ‘সাধনা’র কর্ণধার লুবনা মরিয়ম প্রথম আলোকে জানান, তাঁদের কিছু জনপ্রিয় প্রযোজনার সঙ্গে যুক্ত শাম্মি আক্তার। এগুলোর মধ্যে রয়েছে কবি জসীমউদ্দীনের বেদের মেয়ে অবলম্বনে সৈয়দ শামসুল হকের চম্পাবতী, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা ও তাসের দেশ নৃত্যনাট্য।
কলকাতার ‘স্টারস অব টুমরো’ অনুষ্ঠানে অংশ নিয়েছে কল্পতরু স্কুল অব ড্রামার আরেক শিক্ষার্থী শংকরী মৃধা। ঢাকার কল্পতরুতে প্রশিক্ষণ নেওয়া কলকাতার মেয়ে শংকরীও ভরতনাট্যম পরিবেশন করেন এ আয়োজনে।