কলকাতায় 'বাঁদী-বান্দার রূপকথা'

আলী বাবা এবং চল্লিশ চোরের কাহিনি জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ব্যতিক্রম উপস্থাপনায় আরব্য উপন্যাসের এই অংশটিকে নৃত্যনাট্যে তুলে রেখেছেন বাংলাদেশের নৃত্যশিল্পীরা। বাঁদী-বান্দার রূপকথা নামে তাঁদের অভাবনীয় সেই সৃষ্টি এবার ভারতের কলকাতায়।
ঢাকার ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এবং কলকাতার নৃত্যসংগঠন সুকল্যাণ অ্যান্টুরেজের আমন্ত্রণে আজ শনিবার কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্যটি। বাংলাদেশে এর ১৩টি প্রদর্শনী হয়েছে। কলকাতায় প্রথম মঞ্চায়ন প্রসঙ্গে শিবলী মহম্মদ বলেন, ‘রবীন্দ্রসদনে এই নৃত্যনাট্যটি উপস্থাপনা হবে আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা। এর সংগীতের অংশটি করেছেন কলকাতার শিল্পীরা, নাচেরটি আমরা। ঢাকার ভারতীয় দূতাবাসের সহযোগিতা ছাড়া যৌথ প্রযোজনার এত ব্যয়বহুল ও শিল্পীসমৃদ্ধ প্রযোজনা কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হতো না।’
বাঁদী-বান্দার রূপকথা নৃত্যনাট্যের প্রধান চরিত্রগুলোতে রয়েছেন নৃত্যে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, আনিসুল ইসলাম হিরু, ডলি ইকবাল, সাবরিনা নিসা, তপন, তামিমসহ নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের ৬০ জন নৃত্যশিল্পী। নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য এবং সংগীত পরিচালক জয় সরকার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অন্বেষা, মনোময় ভট্টাচার্য্য, জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, অরিজিৎ চক্রবর্তী। মর্জিনার কণ্ঠ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
ঢাকার সৃষ্টি কালচারাল সেন্টার ও আনিসুল ইসলাম হিরু প্রযোজিত এই নৃত্যনাট্যটির পরিকল্পনা করা হয় ২০১৩ সালে শান্তিনিকেতনে। ২০১৪ সালের ডিসেম্বরে হয় প্রথম মঞ্চায়ন।