কাল থেকে বাতিঘরের নাট্যমেলা
চার দিনের একটি নাট্যমেলার আয়োজন করেছে নাটকের দল ‘বাতিঘর’। মেলায় দেখানো হবে দেশের স্বনামধন্য কয়েকটি নাট্যদলের আলোচিত সাতটি নাটক। এ ছাড়া মেলার একেক দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে গান শোনাবে গানের দল সর্বনাম, মেঘদল ও জলের গান।
আগামীকাল শুক্রবার বিকেল চারটায় মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে থাকবে পায়রা ওড়ানো, ঢাক বাদন, লোকজ মেলা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানো। দ্বিতীয় দিন থাকবে কবিগান, গম্ভীরা, ঘুড়ি ওড়ানো, লাঠিখেলা, বায়োস্কোপ, বানরখেলা, সঙ নৃত্য ও ব্যান্ড সর্বনামের গান। তৃতীয় দিন লোকগান এবং মেঘদলের পরিবেশনা থাকবে। উৎসবের চতুর্থ ও শেষ দিন গান শোনাবে জলের গান।
মেলা চলার সময় প্রতিদিন সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার এবং মূল মিলনায়তনে দেখানো হবে নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক দেওয়ান গাজীর কিস্সা, বটতলার নাটক খনা, বাতিঘরের ঊর্ণাজাল, আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর, আগন্তুক নাট্যদলের প্রযোজনা অন্ধকারে মিথেন, প্রাচ্যনাটের নাটক এ ম্যান ফর অল সিজনস এবং প্রাঙ্গণেমোরের নাটক আওরঙ্গজেব। সমাপনী দিনের নাটকের পর দেওয়া হবে কমাশ্রী পদক।