কাল থেকে মূকাভিনয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূকাভিনয় উৎসবের পোস্টার
মূকাভিনয় উৎসবের পোস্টার

প্রাচীন এক শক্তিশালী শিল্পমাধ্যম মূকাভিনয় নিয়ে কাল ঢাকায় শুরু হচ্ছে জাতীয় উৎসব। বিশ্ববিদ্যালয়ভিত্তিক মূকাভিনয় সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কাল থেকে তিন দিনের এই উৎসব শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এ উৎসবে অংশ নেবে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ১৫টি মূকাভিনয়ের দল। এ ছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলা ভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাস জুড়েই থাকবে স্ট্রিট শোসহ নানা কর্মসূচি।

তিন দিনের এই আয়োজনে একই সঙ্গে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার এবং পোস্টার প্রদর্শনী।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উৎসব আহ্বায়ক মীর লোকমান বলেন, ‘মাইমের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ও এ শিল্পমাধ্যমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মূকাভিনয় প্রতিযোগিতার আয়োজন এতে ভিন্ন মাত্রা যোগ করবে।’

‘না বলা কথাগুলো, না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন’। দলটির আয়োজনে এটিই তাদের প্রথম জাতীয় আয়োজন। উৎসবটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।