কাল থেকে যশোরে আন্তর্জাতিক নাট্যোত্সব
‘দ্রোহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা’ স্লোগানে যশোরে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোত্সবের পর্দা উঠছে আগামীকাল শুক্রবার সন্ধ্যায়। নাট্য সংগঠন বিবর্তন যশোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে আট দিনের এ উত্সবের আয়োজন করা হয়েছে। যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
প্রতিদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ, ভারত ও নেপালের জনপ্রিয় নয়টি দল নাটক মঞ্চস্থ করবে। দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোত্সব পর্ষদ গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
সম্মেলনে বলা হয়, উদ্বোধনী দিনে ভারতের ঝাড়খন্ড থেকে আসা ছৌঁ নৃত্যদলের পরিবেশনা থাকবে। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লিয়াকত আলীর নির্দেশনায় কঞ্জুস নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কলকাতার চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সুপ্রিয় দত্ত প্রমুখ।
এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে নাটকের মঞ্চায়ন। প্রথম দিন কঞ্জুস নাটকটি পরিবেশন করবে ঢাকার লোকনাট্য দল। দ্বিতীয় দিন টিপুর স্বপ্ন (কলকাতার প্রাচ্য), তৃতীয় দিন রাজা প্রতাপাদিত্য (বিবর্তন যশোর), চতুর্থ দিন বিনোদিনী (গোবরডাঙার নক্সা), পঞ্চম দিন সারজামিন (কাঠমান্ডুর মান্দালা), ষষ্ঠ দিন তৃতীয় একজন (ঢাকার শব্দ নাট্যচর্চাকেন্দ্র), সপ্তম দিন আওরঙ্গজেব করবে ঢাকার প্রাঙ্গণে মোর এবং উৎসবের শেষ দিন অর্থাৎ ৪ ডিসেম্বর থাকছে ঢাকার আরণ্যক নাট্যদলের ভঙ্গবঙ্গ নাটকটি।
উত্সবের সমাপনী দিনে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।