কাল পরীক্ষণ থিয়েটারে 'শিখণ্ডী কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিখণ্ডী কথা’ নাটকের একটি দৃশ্য
‘শিখণ্ডী কথা’ নাটকের একটি দৃশ্য

হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে দেখা যায়, সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাড়িয়ে বেড়ায় তাকে। তৃতীয় লিঙ্গের মানুষের এই সুখ-দুঃখ নিয়ে শৈল্পিক কথন ‘শিখন্ডি কথা’ আগামীকাল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
এবার হবে নাটকটির ১৬৪তম প্রদর্শনী। মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় একটি গবেষণা নাট্য হিসেবে ‘শিখণ্ডী কথা’ মঞ্চে আসে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর। ২০০৬ সালে মহিলা সমিতি মঞ্চে ৫০তম প্রদর্শনী হয়। ২০১০ সালে জাতীয় নাট্যশানলার মূল হলে শততম মঞ্চায়ন হয়। ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজন করেছিল ‘শিখণ্ডী কথার মানবিক জাতীয় উৎসব’। প্রযোজনাটি ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে প্রদর্শিত হয়েছে ও প্রশংসা পেয়েছে।
মহাকাল নাট্য সম্প্রদায়ের দলপ্রধান মীর জাহিদ হাসান বলেন, মানুষের মধ্যে হিজড়াদের নিয়ে একটি ইতিবাচক মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করা ও মানুষ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি সম্মিলিতভাবে উচ্চারিত হওয়ার জন্য এই মানবিক প্রযোজনা ‘শিখণ্ডী কথা’।
আনন জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন। অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, আনন জামান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, সাথী, সামিউল জীবন, তৌহিদুর রহমান, সামসুল আলম, রাসেল আহমেদ, রিফাত হোসেন, আসাদুজ্জামান রাফিন, রাজিব হোসেন, কানিজ ফাতেমা, আশরা ও আরাফাত।