কাল মঞ্চে আসছে 'বিদ্রোহী বুড়িগঙ্গা'

দেশে যাত্রাশিল্পে কাল যুক্ত হচ্ছে আরেকটি নতুন পালা। আমিনুর রহমান সুলতান রচিত ও মিলন কান্তি দে নির্দেশিত নতুন যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’। কাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার মিলনায়তনে পালাটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
যাত্রাদল দেশ অপেরা প্রযোজিত এ পালা মঞ্চায়নে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী। রাজনীতিক ও সাহিত্যিক হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।

নতুন এ পালাটি সম্পর্কে নির্দেশক মিলন কান্তি দে বলেন, এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে বাংলাদেশের এক নদী বুড়িগঙ্গা। নদীর বাঁকে বাঁকে রাজধানী ঢাকার বেড়ে ওঠা এবং নবাব সিরাজউদ্দৌলার আমলে অনেকের নদীপথে যাতায়াতে অনেক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে- এসব নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’।
পালাটিতে নির্দেশক নিজে ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম আলীম, মো. রফিক, মঞ্জুরুল আলম, এম সিরাজ, শাহ্ মোহাম্মদ আলী, অলিউল্লাহ অলি, সুদর্শন চক্রবর্তী, রফিকুল ইসলাম, আবুল হাসেম, এম হাসেম, এম আলম, শংকর সরকার, রহিম, মোজাম্মেল হক, লুৎফুন নাহার, রিক্তা সুলতানা, মনিমালা, আরিশা জামান, আলতাফ হোসেন প্রমুখ। শংকর সরকারের সংগীত পরিচালনায় পায় বাদ্যযন্ত্রে থাকছেন গোকুল ঘোষ, পার্থ ভজন, গুরুদাস ও খালেক এবং রূপসজ্জায় থাকছেন নয়ন শেখ।