গহিন গ্রামে মণিপুরি থিয়েটারের নাট্যমেলা
নদীর পাড়ে ঘোড়ামারা গ্রাম। সেখানকার নটমণ্ডপে মঞ্চস্থ হবে নাটক। সিলেটের কমলগঞ্জের গহিনে সবুজ ওই গাঁয়ে আয়োজন করা হয়েছে নাট্যমেলা। নাটকের দল মণিপুরি থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে এই মেলা। রাজধানী থেকে মেলায় নিজেদের নাটক নিয়ে যাচ্ছে ঢাকার বেশ কয়েকটি প্রথিতযশা নাট্যদল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে মাইকেল মধুসূদন দত্তের কাব্য থেকে মণিপুরি থিয়েটারের নাটক কহে বীরাঙ্গনা। এর নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। তিনিই এ মেলার আহ্বায়ক।
ঢাকার দলগুলোর মধ্যে নাটক পরিবেশন করবে ঢাকা থিয়েটার, থিয়েটার (বেইলী রোড), নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায় ও প্রাচ্যনাট। আজ থেকে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দর্শনীর বিনিময়ে নাটক দেখা যাবে।