গৌরাঙ্গের জন্য নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরাঙ্গ আদিত্য
গৌরাঙ্গ আদিত্য

‘মৃত্যু কী, গৌরাঙ্গদা?’—একজন জানতে চেয়েছিলেন। গৌরাঙ্গ আদিত্য জবাব দিয়েছিলেন, ‘আমিত্বের বিলোপই মৃত্যু।’ এখন পক্ষাঘাতের সঙ্গে লড়াই করছেন যাত্রাপালার ‘বিবেক’ গৌরাঙ্গ আদিত্য। মস্তিষ্কের রক্তক্ষরণে তাঁর শরীরের বাঁ পাশ স্থবির হয়ে পড়েছে।

কদিন আগেই মোহনগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন গৌরাঙ্গ আদিত্য। শিল্পকলা একাডেমিতে সেদিন ১৩ হাজার লোকগানের সিডির মোড়ক উন্মোচন করা হয়। অসুস্থ শরীর নিয়েই সেখানে গেয়েছেন অস্পষ্ট কণ্ঠে। শয্যাশায়ী এই শিল্পীর চিকিৎসা চলছে। ভক্তরা দেখভাল করছেন তাঁকে। চিকিৎসার জন্য তহবিলও সংগ্রহ করছেন তাঁরা।

তিন শতাধিক যাত্রাপালায় অভিনয় করেছেন গৌরাঙ্গ আদিত্য। তাঁর চিকিৎসা–সহায়তার জন্য নাটক মঞ্চায়নের আয়োজন করেছে ঢাকার পাঁচটি নাট্যদল। কাল শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক মর্ষকাম। রোববার সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের টোকোলশ। একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে কঞ্জুস মঞ্চস্থ করবে লোকনাট্য দল (বনানী)। ২৫ জুলাই সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সুবচন নাট্য সংসদের প্রণয় যমুনা এবং ৩০ জুলাই সন্ধ্যা সাতটায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে রয়েছে ম্যাড থেটারের নদ্দিউ নতিম।