গ্লাসগোর নাট্যমঞ্চে মুক্তিযুদ্ধের নাটক

গতকাল শনিবার সন্ধ্যায় গ্লাসগোর ট্রামওয়ে নাট্যমঞ্চে ‘হোম অ্যাওয়ে’ নাট্যোৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে বাংলা নাটক স্মৃতি বা মেমোরাই। ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে আমন্ত্রিত হয়েছিল নাটকটি।
মুক্তিযুদ্ধের তিনটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি তৈরি হয়েছে। ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড প্রতিষ্ঠার দশম বষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘হোম অ্যাওয়ে’ থিয়েটার বিয়ন্ড বর্ডার্স উৎসব। আয়োজনে ছিল বিভিন্ন ভাষা, দেশ ও জাতির অংশগ্রহণে ১০টি নাট্য প্রযোজনা। স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মাতৃভাষায় নাটক করার জন্য আমন্ত্রণ জানালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্লাসগো নাটকটি মঞ্চে আনে। ১ অক্টোবর গ্লাসগো সায়েন্স সেন্টারে নাটকটির সংকলিত অংশ মঞ্চস্থ হয়েছিল।
আতিকুল ইসলামের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. তারেক আবদুুল্লাহ। নির্দেশনার তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। নাটক মঞ্চায়নে সহযোগিতা করেছে থ্রিয়েট্রেক্স বাংলাদেশ।