ঘুঙুর-মৃদঙ্গের তালে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে ভরতনাট্যম পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: সংগৃহীত
ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে ভরতনাট্যম পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: সংগৃহীত

মঙ্গলবার সন্ধ্যায় ভরতনাট্যম পরিবেশিত হয় ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে। ভাব, রস, তাল—এই তিনের আদ্যক্ষর থেকেই ‘ভরত’। এ নিয়ে মতভেদ থাকলেও শাস্ত্রীয় এই নৃত্য যে উপভোগ্য, তা নিয়ে কোনো মতভেদ নেই। মিলনায়তনের প্রবেশমুখে বলা হলো, চেয়ারে বসলে স্যান্ডেল নিয়ে ঢুকতে হবে আর মঞ্চের সামনে মেঝেতে বসলে জুতো ভরতে হবে প্যাকেটে। কেননা প্রবেশমুখে ফুলের নৈবেদ্য আর নৃত্যভঙ্গিতে নটরাজ শিব নিজেই অভ্যর্থনা জানাচ্ছেন। জুতা যে এখানে বড্ড বেমানান।
নির্ধারিত সময়ের বেশ খানিক পরে বাতি নিভিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কয়েকটি প্রদীপ। তারপর মঞ্চের এক পাশের মাইক্রোফোনে আসেন নৃত্যশিক্ষক ও শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ছোট্ট করে জানিয়ে দেন, ‘আজ (মঙ্গলবার) এ আয়োজনের তৃতীয় পর্ব। দেখানো হবে ভরতনাট্যম আর এ নৃত্য নিয়ে বলা হবে ছোট ছোট কিছু কথা।’ আয়োজনের জন্য বেঙ্গলকে ধন্যবাদ জানান তিনি। প্রথম পর্ব দুটিও একই জায়গায় অনুষ্ঠিত হয় গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে। সেগুলো ছিল মনিপুরি ও কত্থক নৃত্য। পরিবেশনার আগেই মিলনায়তন ভরে উঠল দর্শকে। ঘুঙুর আর মৃদঙ্গের তালে মোহিত হয়ে কিছু দর্শক দাঁড়িয়েই উপভোগ করতে লাগলেন নাচ।
নাচের ফাঁকে ফাঁকে দেখানো হচ্ছিল পর্দায় ছোট ছোট তথ্যচিত্র ও ভিডিও। এগুলোর মধ্যে ছিল এ নৃত্যকে পুনরুজ্জীবন দানকারী রুক্মিণী দেবীর একটি সাক্ষাৎকার, নৃত্যে নৃত্যে বালা সরস্বতীর অভিনয়, নৃত্যশিক্ষাকেন্দ্র ভারতের কলাক্ষেত্রের কয়েকটি দৃশ্য। একসময় পর্দায় দেখানো হয় নৃত্যগুরু চন্দ্রশেখরের পুরোনো একটি নাচের ভিডিও। শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর এই নৃত্যগুরুর আশি বছর পূর্তিতে তাঁকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।