চট্টগ্রামে তির্যক নাট্যমেলা
চল্লিশে পৌঁছাল তির্যক নাট্যদল। ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচিতে চট্টগ্রাম, ঢাকা ও দেশের বাইরে তিনটি নাট্যমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) চার দিনব্যাপী ‘তির্যক নাট্যমেলা’র আয়োজন করা হয়েছে।
আজ বিকেল পাঁচটায় নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। নাট্যমেলা উদ্বোধন ও তির্যকের ৪০ বছরের স্মারক প্রদর্শনীর দ্বার উন্মোচন করবেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর। এই প্রদর্শনী প্রতিদিন টিআইসি গ্যালারিতে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
প্রতিদিন বিকেল সাড়ে চারটায় টিআইসির লেকচার থিয়েটারে থাকছে বিষয়ভিত্তিক আলোচনা। ২৫ ডিসেম্বর ‘অনুবাদকের অনুভবে শেক্সপিয়ার’ শীর্ষক আলোচনায় বিষয় উপস্থাপন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ২৬ ডিসেম্বর ‘নাটকের আলোকে রবীন্দ্রসাহিত্য সৃজন’ শীর্ষক আলোচনায় বিষয় উপস্থাপন করবেন নাট্যজন আতাউর রহমান এবং ২৭ ডিসেম্বর ‘শিল্পের মানবসম্পদ ও অর্থনীতি’ শীর্ষক আলোচনায় বিষয় উপস্থাপন করবেন নাট্যকার মামুনুর রশীদ। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় তির্যকের মঞ্চনাটক পরিবেশিত হবে। ২৪ ডিসেম্বর রক্তকরবী, ২৫ ডিসেম্বর ইডিপাস, ২৬ ডিসেম্বর বিসর্জন, ২৭ ডিসেম্বর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকগুলো মঞ্চস্থ হবে।