চট্টগ্রামে তির্যকের বুড়ো সালিকের ঘাড়ে রোঁ

১৮৬০ সালে লেখা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো সালিকের ঘাড়ে রোঁ এই একবিংশ শতাব্দীতে প্রাসঙ্গিক হয়ে ওঠে দর্শকদের কাছে। গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে মধুসূদনের এই সৃষ্টিকেই ৯৬তম বারের মতো মঞ্চে আনে তির্যক নাট্যদল। শততম মঞ্চায়নের দ্বারপ্রান্তে এসে প্রায় প্রতিটি চরিত্রে অভিনেতা-অভিনেত্রীদের সহজ, স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়, চরিত্রানুগ পোশাক–পরিচ্ছদ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত বুড়ো সালিকের ঘাড়ে রোঁ নাটকের প্রথম মঞ্চায়ন হয় চট্টগ্রাম মুসলিম হলে ১৯৯১ সালের ২৯ নভেম্বর। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মঞ্চে নতুন রূপে পুনর্মঞ্চায়ন শুরু ২০১৪ সালের ২৭ ডিসেম্বর।
এই নাটকে অভিনয় ও নেপথ্যে রয়েছেন এ কে এম ইসমাইল, সুজিত চক্রবর্তী, শায়লা শারমিন, রমিজ আহমেদ, জুয়েল চাকমা, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, অমিত চক্রবর্তী, মানিক মিয়া, লাবণী বিশ্বাস, কাবেরী গুহ, মফিজুর রহমান, জয়া বড়ুয়া, এলিজা দে, নুরুল আবসার, লিয়ানা মাহফুজ, পারিজাত চৌধুরী ও বন্দনা বর্ণা।