চট্টগ্রামে নাট্যোৎসবের শেষ দিনে 'কবি'

শেষ হলো চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের ১৩ দিনের আয়োজন ‘গ্রুপ থিয়েটার উৎসব’। গতকাল শুক্রবার শেষ দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অভিনীত হলো অরিন্দম নাট্য সম্প্রদায় প্রযোজিত তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রচিত নাটক কবি। নিতাই নামে এক প্রান্তিক মানুষের কবি হয়ে ওঠার কাহিনি নিয়েই গড়ে উঠেছে এই নাটক। মহাপীট অট্টহাস গ্রামে মেলা বসেছে। সেখানে জমজমাট কবিগানের পালা। কিন্তু একজন মূল কবিকে সেদিন পাওয়া গেল না। তাঁর অনুপস্থিতির সুযোগে মঞ্চে আগমন নিতাইয়ের। প্রতিষ্ঠিত কবির বিপরীতে দাঁড়িয়ে ছন্দে ছন্দে কথার জবাব দিতে শুরু করে সে। অভিষেকের দিনেই দর্শকের প্রশংসা পায়। নিতাইয়ের উত্থানের পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। দারিদ্র্যপীড়িত আশ্রয়হীন জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয় তাকে। তার জীবনে আসে দুধ বিক্রেতা ঠাকুরঝি আর ঝুমুর দলের নৃত্যশিল্পী বসন্ত। ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাহিনি এগোতে থাকে এক অমীমাংসিত পরিণতির দিকে। নাটক শেষ হয় কিন্তু নিতাইয়ের আক্ষেপ দর্শকের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে—‘ভালোবেসে মিটল না আশ—কুলাল না এই জীবনে/ হায়! জীবন এত ছোট কেনে?’
কবি নাটকের নির্দেশনা দিয়েছেন শামীম হাসান, সংগীত পরিচালনা করেছেন দীপংকর দে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকবর রেজা, সাবিরা সুলতানা, পংকজ চৌধুরী, আঁখি মজুমদার, সাইফুল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, শান্তনু চক্রবর্তী, শহীদুল মালিক, সাইফুল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, সিরাজাম মুনিরা, জান্নাতুন নাঈম, কাজল সেন, শহীদুল মালিক, শারমিন আঁখি, অভিজিৎ আর্চায্য প্রমুখ।
এর আগে সন্ধ্যায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ছিল কথামালা আর জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুর রহিম আর মোস্তফা কামালের গান। আলোচক সনজীব বড়ুয়া বললেন, ‘ঘাতকের অশুভ আস্তানায় আমাদের দিন যাপন, এর মধ্যেও নাট্যকর্মীরা উৎসবের আয়োজন করে মৌলবাদ আর নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে প্রতিফলিত করেছে।’
সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফী বললেন, ‘সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে স্বাধীনতার পর এ দেশে গ্রুপ থিয়েটার আন্দোলনের শুরু। সেই লক্ষ্যে আজও তারা কাজ করে যাচ্ছে। আমাদের দুঃসময়গুলোতে নাট্যকর্মীরা সব সময় প্রগতির পক্ষে থেকেছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’