চট্টগ্রামে হবে ‘নাটনন্দন নাট্যোৎসব’
বেশির ভাগ ক্ষেত্রে রাজধানীর নাটকের দলগুলো ঢাকা শহরেই নাট্যোৎসব করে। কিন্তু ঢাকার নাট্যদল নাটনন্দ এবার চট্টগ্রামে উৎসবের ঘোষণা দিয়েছে। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে তাদের উৎসব। উৎসবের স্লোগান ‘সম্প্রীতির জাগরণ, নাটকে অন্বেষণ’।
জানা গেছে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় হবে নাটকের মঞ্চায়ন। দলের সভাপতি আসমা আখতার জানান, সাত দিনে ছয়টি দলের অংশগ্রহণে সাতটি নাটক মঞ্চায়ন করা হবে। তাঁর আশা, ঢাকা ও চট্টগ্রামের দর্শকের মিলনমেলার উৎসব এটি। মঙ্গলবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার-নির্দেশক শিশির দত্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সভাপতিমণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন শিকদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা মহানগরের কেন্দ্রীয় পরিষদ সদস্য এইচ আর অনিক, নাট্যকার নির্দেশক দীপক চৌধুরী প্রমুখ। ১৭ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটি করে নাটক মঞ্চায়িত হবে।
উৎসবের প্রথম দিন আসমা আখতারের নির্দেশনায় নাট্যদল নাটনন্দন মঞ্চায়ন করবে নাটক ‘নারী ও রাক্ষসী’। দ্বিতীয় দিনে মোসলেম উদ্দিন সিকদার নির্দেশনায় চট্টগ্রামের নাট্যদল উত্তরাধিকার মঞ্চায়ন করবে নাটক ‘মৃত্যুপাখি’। উৎসবের তৃতীয় দিন নির্দেশক এইচ আর অনিকের নির্দেশনায় ঢাকার নাট্যদল চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘শেখ সাদী’। চতুর্থ দিন নির্দেশক আবদুল হাদীর নির্দেশনায় চট্টগ্রামের নাট্যদল নান্দিকার মঞ্চায়ন করবে নাটক ‘অন্তর্জলী’। পঞ্চম দিন নির্দেশক আসমা আক্তারের নির্দেশনায় নাটনন্দন মঞ্চায়ন করবে নাটক ‘অকশন’। ষষ্ঠ দিন নির্দেশক মোস্তফা হীরার নির্দেশনায় ঢাকার নাট্যদল সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘বোধ’। প্রতিটি নাটক মঞ্চায়ন শেষে থাকছে ‘টেন মিনিটস উইথ টিম’ শিরোনামে নাট্যদলের সঙ্গে নাট্যানুরাগী দর্শকদের ভাবনার আদান-প্রদান। উৎসবের সমাপনী দিনে ‘থিয়েটার বিশ্বে আমরা বিশ্বনাগরিক’ শিরোনামে থিয়েটারের সিম্পোজিয়ামসহ আরও নানান আয়োজন নিয়ে এবারের ঢাকা চট্টগ্রামের নাট্যকর্মীদের মিলনমেলায় নাটনন্দন নাট্যোৎসব উদ্যাপিত হবে বলে আশা করছেন আয়োজকেরা। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্বের নীতি মেনেই পুরো আয়োজনটি সম্পন্ন হবে।