চরিত্রটি আবুল হায়াতের করার কথা ছিল, কিন্তু...
নতুন নাটকের দল অনুস্বর মঞ্চে আনল নতুন নাটক। গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তারা মঞ্চস্থ করে ‘মূল্য অমূল্য’। আজ শনিবার সন্ধ্যা সাতটায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আবার নাটকটি মঞ্চস্থ করবে তারা। আর্থার মিলারের নাটক অবলম্বনে এর রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
অনুস্বরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙে পড়া যৌথ পারিবারগুলোকে যে চরম মূল্য দিতে হচ্ছে, তারই গল্প ‘মূল্য অমূল্য’।
যেখানে বাবার ব্যবহৃত পুরোনো আসবাব নিলামে বিক্রি করছে তারই দুই পুত্র রঞ্জু ও মঞ্জু।
মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীত চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তিতর্কের মধ্যে উঠে আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র ও হতাশ সময়ের বয়ান। সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত হার-জিতের প্রশ্নটা আসে, নাকি তা টিকিয়ে রাখতে কাউকে কাউকে চুকাতে হয় চরম মূল্য।
নির্দেশক মোহাম্মদ বারী জানান, ‘এ নাটকের মাধ্যমে অভিনেতা আবুল হায়াতের অনেক বছর পর মঞ্চে ফেরার কথা ছিল। নাটকে “খোদাবক্স ব্যাপারী” চরিত্রটি তাঁর করার কথা ছিল। তিনি অনলাইনে অনেক দিন রিহার্সাল করেছিলেন। কিন্তু পরে কোভিডের কারণে ফ্লোর রিহার্সাল করতে পারেননি। ফলে মঞ্চে উঠতে পারেননি। আশা করি, ভবিষ্যতে মঞ্চে উঠবেন।’
‘মূল্য অমূল্য’তে অভিনয় করছেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, সাইফ সুমন, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ।