চারুকলায় সম্প্রীতির গান, আবৃত্তি ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’-এর আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। কাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসবে কেন্দ্রীয় পরিষদের আসর। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে ছিল সংগঠনটির সংবাদ সম্মেলন। জানানো হয়, সম্প্রীতির সম্মেলনে থাকবে গান, আবৃত্তি, নাটক। কাল বকুলতলার সম্মেলনে একক ও সম্মিলিত কণ্ঠে গাইবেন বিশিষ্ট শিল্পীরা। সংগঠনের সভাপতি সন্জীদা খাতুন ছাড়াও সেদিন বক্তব্য দেবেন সদস্য সারোয়ার আলী, মফিদুল হক ও সুলতানা কামাল। গত সেপ্টেম্বর থেকে পরিষদের ৭৮টি শাখায় শুরু হয় মাসব্যাপী সম্মেলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমদ। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আ ব ম নুরুল আনোয়ার, মিতা হক, বুলবুল ইসলাম ও মনসুরা বেগম।